আশির দশকে টেলিভিশন নাটকগুলোর বেশির ভাগ গল্প ছিল পরিবারকেন্দ্রিক। তাই গল্পের প্রয়োজনেই মূল চরিত্রের সঙ্গে থাকত একাধিক পার্শ্ব চরিত্র। অনেক শিল্পী পার্শ্ব চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন। এদের মধ্যে রিনা রহমান অন্যতম। 

১৯৭৯ সালে টিভি নাটকে রিনা রহমানের যাত্রা। এর পর থেকে টিভি, মঞ্চ ও বেতার নাটক এবং পরবর্তী সময়ে প্যাকেজ নাটকে অভিনয় করেন তিনি। নতুন খবর হলো, দীপ্ত টিভিতে প্রচারিত ‘‌জবা’ ধারাবাহিক নাটকে দেখা যাবে তাকে। গুণী অভিনেত্রী ডলি জহুর ও অরুণা বিশ্বাসের সঙ্গে রিনাকে দেখা যাবে আশীষ রায় পরিচালিত ‌জবা ধারাবাহিকে । 

এ নিয়ে রিনা রহমান বলেন, ‘একটা সময় ছিল নিয়মিত ধারাবাহিক নাটকে, খণ্ড নাটকে অভিনয় করতাম। কিন্তু সময়ের ধারাবাহিকতায় নাটকে আমার মতো শিল্পীদের চরিত্র একেবারে থাকে না বলা চলে। জীবনের আনুষঙ্গিক অন্যান্য বিষয়ের চাহিদা পূরণ করে বেঁচে থাকা এখন সত্যিই অনেক কঠিন। তার পরও যারা আমাকে তাদের পরিচালিত নাটকে নেয়ার চেষ্টা করেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’ ডলি জহুর বলেন, ‘যারা নাটকে পার্শ্ব চরিত্রগুলোয় অভিনয় করে নাটকের সৌন্দর্য বৃদ্ধি করেন, তাদের নিয়ে নিয়মিত কাজ করা উচিত।’ অরুণা বিশ্বাস বলেন, ‘একজন শিল্পী অর্থাৎ অভিনয়শিল্পী আজীবন ভালোবেসে অভিনয়টাই করে যেতে চান। অভিনয়ের মাঝেই নিজের বেঁচে থাকার তৃপ্তি খুঁজে পান। রিনা আপার মতো শিল্পীদের কাজ দিয়ে বাঁচিয়ে রাখা আমাদের ইন্ডাস্ট্রিরই দায়িত্ব। রিনা আপা গুণী একজন অভিনেত্রী এবং নিঃসন্দেহে একজন ভালো মানুষও বটে।’ রিনা রহমান জানান, আগে তিনি মঞ্চেও টুকটাক অভিনয় করতেন। আমিনুল হক আমিনের নাট্যদল ‘মুক্তালয়’-এর হয়ে বিভিন্ন মঞ্চ নাটকে অভিনয় করেছেন। কিন্তু আমিনুল হক চাকরি থেকে অবসর নেয়ার পর দলটি আর চালানো তার পক্ষে সম্ভব হয়ে উঠছে না।