আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে চলছে শিল্পকর্ম প্রদর্শনী। সহপাঠী নয় নারী শিল্পী একসঙ্গে শিল্পচর্চা চালিয়ে যাচ্ছেন তাদের সংগঠন ‘কালারস’-এর মাধ্যমে। প্রতিনিয়ত নানা শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী চালিয়ে যাচ্ছেন তারা। সে ধারাবাহিকতায় আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে চলছে  কালারসের এ সহপাঠীর নয় নারী শিল্পীর দলীয় প্রদর্শনী ‘শেকড়ের সন্ধানে’। এটি তাদের দশম প্রদর্শনী। এ আয়োজনে স্থান পেয়েছে তাদের ২৫টি শিল্পকর্ম। এ প্রদর্শনীতে অংশ নেয়া নয় নারী শিল্পী হলেন ফারহানা আফরোজ, ফারজানা ইসলাম, মনিরা সুলতানা মুক্তা, মরজিয়া বেগম, মুক্তি ভৌমিক, রেবেকা সুলতানা, রেফাত জাহান কান্তা, রেহানা ইয়াসমিন ও শায়লা আক্তার।

৭ জুলাই প্রদর্শনী শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পী মনিরুল ইসলাম ও ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসির মামুন। প্রদর্শনীটি নিয়ে কালারসের সদস্যরা বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের সবার জীবনে গভীর এক তাৎপর্য বহন করে, অনুপ্রেরণা ও সৃজনশীলতার উৎস হিসেবে কাজ করে। আমাদের আত্ম-অন্বেষণ ও আত্মদর্শনের যাত্রায় বাংলার জনমানুষের এ অপরিমেয় ত্যাগ ও সংগ্রাম থেকে আমরা সতত পথনির্দেশনা পাই।’

প্রদর্শনীর শিল্পকর্মগুলোয় নিজেদের ভাবনাগুলোকে শৈল্পিক বুননে ফুটিয়ে তুলেছেন অংশগ্রহণকারী শিল্পীরা, বিশেষত মুক্তিযুদ্ধের সময় এ জনপদের নারীদের শক্তি ও সংগ্রামের চিত্র তুলে ধরেছেন তারা। তাদের শিল্পকর্মগুলো সে দুর্যোগপূর্ণ সময়ে অকুতোভয় নারীদের পরিস্থিতি ও তার বিপরীতে তাদের সংগ্রামের এক আন্তরিক চিত্রায়ণ, যা ওই নারীদের প্রতি কালারসের সদস্যদের আন্তরিক শ্রদ্ধা নিবেদনও বটে। প্রদর্শনীটি চলবে ১৭ জুলাই পর্যন্ত। সোম-শনিবার প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।