জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
জীবনী অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’। ট্রেলার প্রকাশের মাধ্যমে
আজ রোববার (১ অক্টোবর) ঘোষিত হয়েছে সিনেমাটির মুক্তির তারিখ।
ট্রেলার প্রকাশ উপলক্ষে আজ রাজধানীতে
আয়োজিত এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, দেশের প্রেক্ষাগৃহে আগামী
১৩ অক্টোবর মুক্তি পাবে ‘মুজিব: একটি জাতির রূপকার’।
তিনি বলেন, চলচ্চিত্রটি ইতিহাসের দলিল
হয়ে থাকবে। যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি পরবর্তীতে ভারতসহ পৃথিবীর অন্যান্য দেশে
পর্যায়ক্রমে মুক্তি পাবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তথ্য সচিব
হুমায়ূন কবির, এফডিসির এমডি নুজহাত ইয়াসমিন, তথ্য কমিশনার আব্দুল মালেক ও চলচ্চিত্রটির
লাইন প্রডিউসার সতীশ শর্মা।
‘মুজিব: একটি জাতির রূপকার’ পরিচালনা
করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। এটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায়
সিনেমা।
চলচ্চিত্রের নাম ভূমিকায় আছেন আরিফিন
শুভ। ফজিলাতুন্নেছা মুজিব চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া
ও তাজউদ্দীন আহমদের চরিত্রে আছেন রিয়াজ আহমেদ। আরো অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল
চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম
আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।
ট্রেলার জুড়ে উঠে এসেছে জাতির পিতার
জীবনের বিভিন্ন অংশ। ভাষা আন্দোলন, গণ আন্দোলন, ৭ মার্চের ভাষণের মতো গুরুত্বপুর্ণ
অংশের সঙ্গে রয়েছে ২৫ মার্চের কালরাত্রি।










