পুরনো চরিত্র ফিরছে নতুন করে। বলিউডের মতো হলিউডও সিনেমা বাঁচানোর চেয়ে ব্যবসাকে বেশি গুরুত্ব দিচ্ছে। এর মধ্যে একের পর এক সিনেমা আবার বাতিলও হচ্ছে। এ দুই ধারার মধ্যেই থাকছে ‘ব্যাটম্যান’-এর নাম। ‘দ্য ফ্ল্যাশ’ সিনেমায় ব্যাটম্যানের পুরনো চরিত্র ও অভিনেতাদের ফেরানো হয়েছিল। ছিলেন মাইকেল কিটন ও জর্জ ক্লুনি। ব্যাটম্যান চরিত্রে ক্রিশ্চিয়ান বেলের পর সবচেয়ে জনপ্রিয় মাইকেল কিটন। মজার ব্যাপার হলো দ্য ফ্ল্যাশ ছাড়াও তার অভিনয় করার কথা ছিল ওয়ার্নার ব্রোসের ‘ব্যাটগার্ল’ সিনেমায়। কিন্তু সিনেমাটি অনেকটা শুটিং হওয়ার পর বন্ধ হয়ে যায়। সম্প্রতি কিটন জানালেন, এ নিয়ে তিনি খুব বেশি মনঃকষ্ট ভুগছেন না। 

২০২২ সালের আগস্টে ওয়ার্নার ব্রোস জানায়, তারা ব্যাটগার্ল বন্ধ করে দিচ্ছে। ৯ কোটি ডলার খরচ করে বানানো হচ্ছিল সিনেমাটি। সম্প্রতি এ নিয়ে জিকিউ ম্যাগাজিনের সঙ্গে কথা বলেন মাইকেল কিটন। তিনি বলেন, ‘আমার তেমন কিছু মনে হয়নি। সিনেমা হতেও পারে আবার নাও পারে।’ সিনেমাটি নির্মাণ করছিলেন আদিল এল আরবি ও বিলাল ফালাহ। কিটন বলেন, ‘ছেলেগুলোকে পছন্দ করি আমি। ওরা ভালো কাজ করে। এখন আমি চাই ওরা নতুন করে কাজ করুক আর যা করবে তাতে যেন সাফল্য পায়, সে প্রত্যাশা করি। ব্যাটগার্ল বন্ধ হয়ে যাওয়ায় ওরা অনেক কষ্ট পেয়েছে। আর আমার কথা যদি জানতে চান, আমি ঠিক আছি।’

ব্যাটম্যান চরিত্রে মাইকেল কিটন অভিনয় করেছিলেন দুটি সিনেমায়। টিম বার্টন ১৯৮৯ সালে নির্মাণ করেন ‘ব্যাটম্যান’ ও ১৯৯২ সালে ‘ব্যাটম্যান রিটার্নস’-এ ফেরেন মাইকেল কিটন। এরপর দীর্ঘ বিরতি। কিটন হয়তো ব্যাটম্যানের কথা ভুলেই গিয়েছিলেন। ব্যাটগার্লের সূত্রে আবারো এ চরিত্রে ফেরার সম্ভাবনা তৈরি হয় তার। সে অনুসারে কাজও শুরু হয়েছিল। কিন্তু সিনেমাটা হলো না। অবশ্য তাতে মাইকেল কিটনের খুব বেশি দুঃখ পাওয়ার মতো আসলেই কিছু নেই। কেননা ২০২৩ সালে মুক্তি পাওয়া দ্য ফ্ল্যাশ সিনেমায় তার চরিত্রটি ফিরেছিল স্বমহিমায়। অবশ্য সিনেমাটি বক্স অফিসে তেমন ভালো করেনি। আয় করেছিল ২৭ কোটি ডলারের মতো।

সূত্র: ভ্যারাইটি