বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। নব্বইয়ের দশক থেকে শুরু হয়েছিল ম্যাগাজিন অনুষ্ঠানটি। শুরু থেকেই ইত্যাদি উপস্থাপনার ভার হানিফ সংকেতের ওপর। বাংলাদেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ তিনি। সম্প্রতি ইত্যাদির নতুন পর্বের শুটিং শেষ হয়েছে। 

ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রত্নসম্পদ, মুক্তিযুদ্ধের গৌরবময় স্থান, আকর্ষণীয় পর্যটন কেন্দ্র, প্রাকৃতিক সৌন্দর্য ও জনগুরুত্বপূর্ণ স্থানগুলো সম্পর্কে দর্শককে জানাতে দেশের বিভিন্ন স্থানে গিয়ে ইত্যাদি শুটিং করা হয়। সে ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে নৈসর্গিক শোভার লীলাভূমি নেত্রকোনায়। মঞ্চ নির্মাণ করা হয়েছে নেত্রকোনার বিজয়পুরে সাদামাটির পাহাড়ের সামনে। বিষয়টি নিশ্চিত করেছেন হানিফ সংকেত। তিনি বলেন, ‘চলতি মাসের ১৩ তারিখে ইত্যাদির শুটিং করা হয়েছে। অধিকাংশ সময় রাতের আলোকিত মঞ্চ ইত্যাদিতে ধারণ করা হয়, তবে এবার ব্যতিক্রম। মূলত নেত্রকোনার স্থানের নৈসর্গিক রূপ তুলে ধরতেই এবার দিনের আলোর পড়ন্ত আভায় ইত্যাদির শুটিং শুরু হয়েছিল। রাত ১১টা পর্যন্ত আমরা শুটিং করেছি।’ হানিফ সংকেত জানান, এবারের অনুষ্ঠানে মাটি ও মানুষের শিল্পী নেত্রকোনার সন্তান কুদ্দুস বয়াতি ও ইসলাম উদ্দিন পালাকার একসঙ্গে তাদের পরিচিত ঢংয়ে নেত্রকোনা অঞ্চলের দুটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটির সংগীতায়োজন করেছেন মেহেদি। এছাড়া নেত্রকোনাকে নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের কথায়, হানিফ সংকেতের সুরে ও মেহেদির সংগীতায়োজনে একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন বিজয়পুরেরই স্থানীয় দুই শতাধিক গারো, হাজং ও বাঙালি নৃত্যশিল্পী। গানটি গেয়েছেন পুলক, তানজিনা রুমা, মোমিন বিশ্বাস ও নোশিন তাবাসসুম।

হানিফ সংকেত বলেন, ‘শেকড় সন্ধানী ইত্যাদি সবসময় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচারবিমুখ, জনকল্যাণে নিবেদিত ব্যক্তিদের সামনে আনতে কাজ করে। এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে তথ্যভিত্তিক শিক্ষামূলক প্রতিবেদন প্রচার করে আসছে। সে ধারাবাহিকতায় এবারের পর্বেও রয়েছে কয়েকটি প্রতিবেদন। যাতে রয়েছে পাহাড়-নদীর নান্দনিক স্বপ্নীল সৌন্দর্যে ঘেরা নেত্রকোনার ইতিহাস, ঐতিহ্য, বিভিন্ন প্রত্ন-নিদর্শন, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ও কীর্তিমান ব্যক্তিদের ওপর তথ্যভিত্তিক প্রতিবেদন।’

এছাড়া নেত্রকোনার মঞ্চে সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে রয়েছে নানি-নাতির কথার মাতামাতি। বরাবরের মতো এবারো ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসেবে ছিলেন যথারীতি রানা সরকার ও মোহাম্মদ মামুন। পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ২৯ সেপ্টেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর।