মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স ফিরছে নতুন করে। আসছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। সিনেমাটি নিয়ে এরই মধ্যে মার্ভেলভক্তদের মধ্যে দেখা যাচ্ছে অতি আগ্রহ। এর অন্যতম কারণ ছিল মার্ভেলে রবার্ট ডাউনি জুনিয়রের ফেরা। প্রায় ১০ বছর আয়রন ম্যানের স্যুটে থাকা ডাউনি জুনিয়র এমসিইউ ছেড়ে দিয়েছিলেন। তিনি ফিরছেন, তবে আয়রন ম্যানের স্যুটে নয়। এখন ডক্টর ডুম চরিত্রে দেখা যাবে এ অভিনেতাকে। তার সঙ্গে যুক্ত হচ্ছেন ক্রিস হেমসওয়ার্থ, টম হিডেলস্টোনসহ মার্ভেল ইউনিভার্সের অনেক পুরনো অভিনেতা। এবার জানা গেল, মার্ভেল পরিকল্পনা করছে পেগি কার্টারকেও যুক্ত করা হবে এ সিনেমায়।
হেইলি অ্যাটওয়েল অভিনয় করেছিলেন পেগি কার্টার চরিত্রে। এবারো তাকে এ চরিত্রেই দেখা যাবে কিনা, এ নিয়ে এখনো স্পষ্ট করে কিছু জানানো হয়নি। মূলত একাধিক গণমাধ্যম জানাচ্ছে, হেইলি অ্যাটওয়েলকে অ্যাভেঞ্জার্স: ডুমসডেতে আনার চেষ্টা করছে মার্ভেল। তার সঙ্গে এ নিয়ে কথাও হচ্ছে। তবে ক্যাপ্টেন কার্টার চরিত্রেই অভিনয় করবেন কিনা তা নিশ্চিত করে জানানো হয়নি। তবে অনেকে মনে করছেন মার্ভেল এবার তাদের গল্পে ক্যাপ্টেন আমেরিকা ও ক্যাপ্টেন বা এজেন্ট কার্টারকে এক ফ্রেমে আনবে।
ক্যাপ্টেন কার্টারকে প্রথম দেখা গিয়েছিল ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’ সিনেমায়। এতে পেগির সঙ্গে ক্যাপ্টেন আমেরিকার নেপথ্য গল্প দেখানো হয়েছিল। ক্যাপ্টেন আমেরিকায়ও পেগি কার্টার ছিলেন, কিন্তু সেখানে তিনি ক্যাপ্টেনের স্যুট গায়ে ছিলেন না।
মার্চের শেষে ‘পুল আপ দ্য চেয়ার’ নামে একটি আয়োজনে অ্যাভেঞ্জার্স: ডুমসডে সিনেমার ২৭টি চরিত্রের অভিনেতাদের সম্পর্কে জানানো হয়। সেখানে হেইলির নাম ছিল না। তবে সম্প্রতি দ্য হলিউড রিপোর্টার জানাচ্ছে যে হেইলির সঙ্গে এ বিষয়ে মার্ভেলের পক্ষ থেকে আলাপ করা হচ্ছে। সে সূত্রেই এবার এক ফ্রেমে দেখা যেতে পারে দুই ক্যাপ্টেনকে। তাদের প্রেমের কাহিনীও থাকতে পারে সিনেমায়।
সূত্র: দ্য হলিউড রিপোর্টার










