দেশসেরা ছয় বাংলাবিদকে নিয়ে অনুষ্ঠিত হবে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ পঞ্চম বর্ষের মহোৎসব। আগামী শুক্রবার রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আয়োজন হতে যাচ্ছে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে চ্যানেল আইয়ে। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে চ্যানেল আইয়ের পাশাপাশি ইস্পাহানি মির্জাপুরের ফেসবুক পেজেও দেখা যাবে অনুষ্ঠানটি।
দেশব্যাপী দীর্ঘ ১০ মাস ধরে বাছাই পর্ব ও স্টুডিও পর্ব শেষে সেরা ছয় বাংলাবিদকে নিয়ে আয়োজিত হচ্ছে এ মহোৎসব। এ অনুষ্ঠানের মধ্য দিয়েই খুঁজে নেয়া হবে সেরা বাংলাবিদকে। অনুষ্ঠানটি নিয়ে আগ্রহী দর্শক। তারা জানতে চান কে পাবেন ১০ লাখ টাকার মেধাবৃত্তি? বাংলা ভাষা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’। পঞ্চম বর্ষে দেশসেরা ছয় বাংলাবিদকে নিয়ে চূড়ান্ত অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। এ ছয়জন হলেন ঢাকার মনামী জামান ও এসএম রাইয়ান তাওসীফ, ময়মনসিংহের অনুশ্রী বণিক ও সাদাত আশরাফী নাইব, সিলেটের সামিরা মুকিত চৌধুরী ও রাজশাহীর দীপায়ন সরকার। তারাই লড়বেন শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।
মহোৎসবের সেরা ছয় বাংলাবিদের মধ্যে শীর্ষস্থান অধিকারী জিতে নেবেন ১০ লাখ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী জিতে নেবেন যথাক্রমে ৩ লাখ টাকা ও ২ লাখ টাকার মেধাবৃত্তি। এছাড়া প্রথম ১০ জন প্রতিযোগী পাবেন একটি ল্যাপটপসহ ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্যে ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি।
বাংলাবিদের গালা রাউন্ডে থাকছে বিশেষ আয়োজন। এদিন মঞ্চে একসঙ্গে গান গাইবেন ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী। নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দেয়ার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননকে শাণিত করা ও বাংলাকে হৃদয়ে ধারণ করানোর উদ্দেশ্যে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় দেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল চ্যানেল আইয়ে প্রচারিত হয়ে আসছে এ বাংলাবিদ প্রতিযোগিতা।










