গত শুক্রবার মুক্তি পেল ‘ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’। এটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সর্বশেষ সিনেমা। অভিনয় করেছেন পেদ্রো প্যাসকেল, ভেনেসা কির্বি, জোসেফ কুইন, জুলিয়া গার্নার প্রমুখ। মার্ভেলের নতুন সিনেমা হিসেবে ফ্যান্টাস্টিক ফোর নিয়ে দর্শকের আগ্রহ ছিল। গণমাধ্যমও সিনেমাটি নিয়ে ইতিবাচক কথাই বলছিল। তবে সে অনুসারে দুর্দান্ত না হলেও ভালো হয়েছে ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপসের সূচনা। ৪ হাজার ১২৫টি থিয়েটারে মুক্তি পেয়ে সিনেমাটি ওপেনিংয়ে আয় করেছে ৫ কোটি ৭০ লাখ ডলার। ডিজনির হিসাব অনুসারে, এটি বছরের অন্যতম বড় ওপেনিং। এছাড়া ছিল প্রিভিউ স্ক্রিনিং। সব মিলিয়ে বড় একটি ওপেনিং পাওয়ার মাধ্যমে আশানুরূপ সূচনা হয়েছে ফ্যাস্টাস্টিক ফোরের।

মার্ভেলের মতো বড় ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে বক্স অফিসের আশা বরাবরই বেশি থাকে। সে জায়গা থেকে দেখলে বলতে হয়, সিনেমাটি আয় করেছে কম। এর আগে ওয়ার্নার ব্রোসের ‘আ মাইনক্র্যাফট মুভি’ আয় করেছিল ৫ কোটি ৭১ লাখ ডলারের বেশি। সে হিসেবে মাইনক্র্যাফটের চেয়ে কম আয় করেছে ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস।

তবে সিনেমাটি নিয়ে এখনো আশা ছাড়ছে না কেউ। কেননা ওয়ার্নার ব্রোস প্রযোজিত জেমস গানের সুপারম্যান যাত্রা করেছিল ৫ কোটি ৬১ লাখ ডলারে। সিনেমাটি তিনদিনে আয় করেছিল ১২ কোটি ৫০ লাখ ডলার। ফ্যান্টাস্টিক ফোর যদি তার গতি ধরে রাখতে পারে, তাহলে সুপারম্যানের আয় পার করা সম্ভব বলে মনে করছে ভ্যারাইটি, ডেডলাইনের মতো গণমাধ্যমগুলো।

এমনটা মনে করার কারণ আছে। মার্ভেলের দিনকাল যা পড়েছে, তাতে এ আয়েই খুশি থাকতে হবে ফ্র্যাঞ্চাইজিকে। ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ সর্বশেষ বক্স অফিসে রাজত্ব করেছিল গত বছর। এর পর থেকে এখন পর্যন্ত ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপই সর্বোচ্চ ওপেনিং আয় পেল।

এমনিতে ফ্যান্টাস্টিক ফোর বরাবরই দর্শকের প্রিয়। টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্সের কাছ থেকে এর স্বত্ব কিনেছিল মার্ভেল, কেননা চরিত্রগুলো মার্ভেল কমিক বুকের। যদিও অন্যান্য সিনেমা বা চরিত্রের সঙ্গে খুব বেশি যোগাযোগ নেই, তবু মার্ভেল রাখতে চেয়েছিল তাদের তালিকায়।

নতুন করেই শুরু করার চেষ্টা ছিল মার্ভেলের। সে অনুসারে, চরিত্রদের নতুন কাস্টিং দেয়া হয়েছিল। ভেনেসো কির্বির পারফরম্যান্স পছন্দ করেছেন দর্শক, কিন্তু পেদ্রো প্যাসকেলের কাছ থেকে আশানুরূপ পারফরম্যান্স পাওয়া যায়নি বলেই জানাচ্ছেন সবাই।

এ সবকিছু নিয়েই এগোচ্ছে সিনেমাটি। পাশাপাশি নজর দেয়া প্রয়োজন এ সিনেমার নির্মাণ খরচে। ২০ কোটি ডলারে নির্মাণের পাশাপাশি সিনেমাটি বিপণনেও খরচ হয়েছে মার্ভেলের। সেসব খরচ তুলে মুনাফা তোলার জন্য ফ্যান্টাস্টিক ফোরকে এর সুনাম ধরে রাখতে হবে। দর্শক আগমন নিয়মিত থাকলেই কেবল সফল হতে পারবে সিনেমাটি।

সূত্র ও ছবি: ভ্যারাইটি