এবারের সান দিয়েগো কমিক-কন নিয়ে তেমন কোনো সাড়াশব্দ হয়নি। এর অন্যতম কারণ চিত্রনাট্যকারদের ধর্মঘট, যেখানে যুক্ত হয়েছেন অভিনেতারাও। বিশেষত রেডিও ও টেলিভিশন আর্টিস্টরা সংহতি জানিয়ে পথেও নেমেছেন। প্রথম সারির তারকাদের দেখা না গেলেও সমর্থন জানিয়েছেন রবার্ট ডাউনি জুনিয়র, টম ক্রুজ, কিলিয়ান মারফি, এমিলি ব্লান্ট প্রমুখ। এছাড়া সম্প্রতি পথে দেখা গেছে ড্যানিয়েল র‍্যাডক্লিফকে। তবে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড-আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টসের সদস্য হওয়ায় অনেকেই নিজেদের সিনেমা প্রচারে উপস্থিত হচ্ছেন না। এ তালিকায় আছেন ভারতের অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও। তার মতো অন্য তারকারাও কমিক-কনে উপস্থিত হননি। এর বাইরে ধর্মঘটের খবর ও ‘‌বারবেনহাইমার’ নিয়ে ব্যস্ত মিডিয়া। এর মধ্যে কমিক-কন নিয়ে বড় পরিসরে আলোচনা না হলেও এটি ঠিকই জমে উঠেছিল।

কমিক-কন নীরবে হওয়ার আরেকটি কারণ গত এক দশকের মধ্যে এবারই প্রথম সেখানে মার্ভেল বা ডিসির কোনো বড় তারকা উপস্থিত হননি। এমনকি অনুপস্থিত ছিলেন জেমস গান। স্টার ট্রেক, দ্য ওয়াকিং ডেড, টিনেজ মিউট্যান্ট নিনহা টার্টেলের কেউ উপস্থিত হয়নি। তবে ‘‌হল এইচ’ জমজমাট ছিল। জেমি লি কার্টিস ও প্যাটন অসওয়াল্ট নিজেদের কমিকের প্রচারণা করতে এসেছিলেন। তাদের নিয়ে বেশ হইচই করেছে কমিক-কনে আসা দর্শকরা।

এবারের কমিক কন বিশেষ ছিল ভারতের জন্য। কমিক-কনেই জানানো হয়েছে প্রভাস অভিনীত নাগ অশ্বিনের সিনেমাটির নাম হতে যাচ্ছে ‘‌কল্কি ২৮৯৮ এডি’। দীপিকা না থাকলেও সিনেমার প্রচারণায় উপস্থিত ছিলেন প্রভাস, নাগ অশ্বিন, রানা দাগুবতি ও কমল হাসান। 

হল এইচে কল্কির প্রচারণার পাশাপাশি উন্মুক্ত করা হয়েছে স্পাইডার ম্যানের প্লে স্টেশন গেম। কোনো কারণে মার্ভেল এবার কমিক-কনে নিজেদের বিস্তৃত করে উপস্থাপন করেনি। এ গেমে পিটার পার্কারের চরিত্রে কণ্ঠ দিয়েছেন ইউরি লোয়েন্থাল। গেমের প্রচারণার সময় তিনি চিত্রনাট্যকারসহ টেলিভিশন ও রেডিও আর্টিস্টদের চলমান ধর্মঘটে সমর্থন জানান। 

এবারের কমিক-কনে স্টুডিও ও কমিক বুক ঘিরে বেশ বড় আয়োজন ছিল। এর মধ্যে স্ট্রিমিং প্লাটফর্ম হুলু তাদের ‘‌এনিমায়হেম’ নিয়ে এসেছিল কমিক-কনে। ইউনিভার্সাল পিকচার্স পালন করেছে জুরাসিক পার্কের ৩০ বছর পূর্তি। কমিক বই নিয়ে উপস্থিত হয়েছিলেন টেড অ্যাবেনহাইম। তিনি তার কমিক ও থিম নিয়ে কথা বলেছেন। এ ছাড়াও ছিলেন এরিক ডিন সেটন। সব মিলিয়ে সান দিয়েগো কমিক-কন এবার তারকাবিহীনই ছিল। তবে বৈচিত্র্য তাতে কমেনি। 

সূত্র: ডেডলাইন