নানা আলোচনার জন্ম দিচ্ছে কান চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে দেখা যাচ্ছে ভারতের তারকাদের সরব উপস্থিতি। সম্প্রতি কান থেকেই জানানো হলো দৃশ্যমের রিমেক হবে কোরিয়ায়। বলিউড অভিনেত্রীরা নিজেদের সাজ ও ডিজাইনার পোশাক দিয়ে আলোচনায় আসছেন। এর মধ্যে উর্বশী রাউতেলা একদম নতুন একটি আলোচনার জন্ম দিলেন। বিতর্ক তৈরি হয়েছে তার একটি নেকলেসের মূল্য নিয়ে। কান উৎসবে তিনি কুমিরের ডিজাইন করা একটি নেকলেস পরেছিলেন। প্রথমে আলোচনা হয়েছিল এর ডিজাইন নিয়ে ও পরে আলোচনায় আসে এর দাম। উর্বশীর পিআর টিমের দাবি এর মূল্য প্রায় ২০০ কোটি রুপি। আর উর্বশী এটি পরে কানে অংশগ্রহণ করার পর মূল্য বেড়ে ২৭৬ কোটি রুপিতে গিয়ে ঠেকেছে।
কিন্তু এর মধ্যেই নেকলেসটি নকল বলে অভিযোগ করেছেন অনেকে। ২০০৬ সালে ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি এমন একটি হার পরেছিলেন। উর্বশীর হারটি মনিকার হারের নকল বলে দাবি অনেকের। কার্টিয়ারের ডিজাইন করা আসল হার পরেছিলেন কিনা উর্বশী, সে প্রশ্ন অনেকেই তুলেছেন। তাদের মধ্যে অলংকার বিশেষজ্ঞ অরুন্ধতী ডি-শেঠ অন্যতম। তিনি লিখেছেন, ‘হারটির চেহারা দেখে আমি পুরোপুরি বিভ্রান্ত। সব ধরনের ব্যক্তিগত প্রতিক্রিয়া একদিকে সরিয়ে আমি জিজ্ঞেস করতে চাই, উর্বশী কি আসল কার্টিয়ার মারিয়া ফেলিক্স ক্রোকোডাইল নেকলেসটি পরেছেন? আর তার কানের দুলের নকশাকার কে? সব ধরনের ধোঁয়াশা কাটানো উচিত। না হলে ঘুম হচ্ছে না!’
এর বিপরীতেই উর্বশীর পিআর টিম থেকে জানানো হয় হারটি উর্বশী পরেছেন, কেননা এতে তার ব্যক্তিত্ব প্রতিফলিত হয়। অন্যদিকে তার পরার কারণেই হারটির দাম ২০০ থেকে ২৭৬ কোটিতে উঠেছে। অন্যদিকে ব্রুট ইন্ডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে উর্বশী বলেন, ‘যারা হারটি সম্পর্কে জানে না তারাই এসব ভুল তথ্য ছড়াচ্ছে। এর ইতিহাসটা জানলে তারা অলংকারটির প্রেমে পড়তেন। যেমন আমি পড়েছি। অবশ্য আমার নিজেরও জানা ছিল না ২০০৬ সালে কানেই এটি মনিকা বেলুচ্চি পরেছিলেন।’
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










