আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে ‘‌চলমান উপাখ্যান’ শীর্ষক দলীয় আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনীর উপাখ্যানগুলো আবির আবদুল্লাহর সমন্বয়ে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ভিজুয়াল স্টোরিটেলিং ওয়ার্কশপের শিক্ষার্থীরা তৈরি করেছেন।

শুক্রবার বিকাল সাড়ে ৫টায় প্রদর্শনীটির উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফ্রান্স-প্রেসের ব্যুরো চিফ এজেন্সি শফিকুল আলম, এখন টেলিভিশনের সম্পাদকীয় প্রধান তুষার আবদুল্লাহ ও  ম্যাপ ফটো এজেন্সির আলোকচিত্রী শফিকুল আলম কিরণ।

এ প্রদর্শনীতে অংশগ্রহণকারী আলোকচিত্র শিল্পীরা হলেন আশেক উর রহমান, মো. ইকবাল হোসেন, শুভ্র পাল, প্রসেনজিৎ দাস ও রুবেল কর্মকার। তারা বিভিন্ন সামাজিক সমস্যার প্রতি আলোকপাত করে তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে জীবনের গল্প বলার চেষ্টা করেছেন। এ প্রদর্শনীতে শুভ্রা পালের ছবিগুলো একজন বাবা-ছেলের সম্পর্ক ও সংগ্রামকে ফুটিয়ে তোলে। আলোকচিত্র শিল্পী প্রসেনজিৎ দাস একজন নারীর গল্প বলেছেন, যা উন্নয়নশীল দেশগুলোতে মানসিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কে সরকারি সহায়তা ও জনসচেতনতার প্রয়োজনীয়তার ওপর জোর দেয়। ইকবাল হোসেনের ছবিগুলো ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় জলবায়ু পরিবর্তন যে ভারত ও বাংলাদেশের লাখ লাখ মানুষের আর্থ সামাজিক পরিবর্তনকে প্রভাবিত করেছে, তা চিত্রিত করে।

কীভাবে একটি গল্পকে থিম্যাটিক বা বর্ণনামূলক শৈলীতে কাল্পনিক ও বাস্তবিক উভয় ধরনের চিত্রের সিরিজ ব্যবহার করে উপস্থাপন করতে হয়, ভিজুয়াল স্টোরিটেলিং ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের সে বিষয় শেখানো হয়েছে। প্রদর্শনীটি চলবে ২৭ জুন ২০২৩ পর্যন্ত। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।