বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসর শুরু হয়েছে। গত বুধবার দক্ষিণ কোরিয়ার বুসান সিনেমা সেন্টারের আউটডোর থিয়েটারে এ উৎসবের পর্দা উঠবে। এবারের উৎসবে বাংলাদেশ থেকে তিনটি সিনেমা অংশ নিচ্ছে। এর মধ্যে নিউ কারেন্টস বিভাগে ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’ ও বিপ্লব সরকারের সিনেমা আগন্তুক। এছাড়া জিসোক বিভাগে অংশ নেবে মোস্তফা সরয়ার ফারুকীর ‘অটোবায়োগ্রাফি’। আগামীকাল বুসানে প্রদর্শন হবে আগন্তুক। এ সিনেমায় প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজমুদার ও শাহানা রহমান সুমী।
এ নিয়ে সুমী জানান, আগামীকাল এবং ৮ ও ১২ অক্টোবর তার অভিনীত আগন্তুক সিনেমাটি এ উৎসবে প্রদর্শন করা হবে। সুমী বলেন, ‘এর আগে আমার অভিনীত ‘নাচোলের রানী’ সিনেমাটি ভারতের কয়েকটি উৎসবে প্রদর্শন হয়েছিল। কিন্তু এবারই প্রথম আমার অভিনীত কোনো সিনেমা এত বড় উৎসবে প্রদর্শন হতে যাচ্ছে। বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের সিনেমাপ্রেমী অভিনেতা, পরিচালক, প্রযোজক, দর্শক এ উৎসবে এসেছেন। আমি সত্যিই অভিভূত এ উৎসবে এসে। পুরো ক্রেডিট দিতে চাই আমার এ সিনেমার প্রযোজক ও পরিচালককে। আর আমার পরম সৌভাগ্য হয়েছে সিনেমাটিতে শ্রদ্ধেয় ফেরদৌসী মজুমদার আপার সঙ্গে অভিনয় করার। তার সঙ্গে অভিনয় করে অনেক কিছু শিখেছিও বটে।’
ফেরদৌসী মজুমদার বলেন, ‘আগন্তুক অত্যন্ত সাহসী একটি প্রযোজনা। খুবই সময়োপযোগী গল্প এ চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্রগুলো থেকে এর নির্মাণশৈলীও একেবারে আলাদা। আগন্তুকের গল্পটা ভালো লেগেছে আমার কাছে। যার কারণে সিনেমাটিতে অভিনয় করেছি আমি। শুনে ভালো লেগেছে যে এটি বুসানের মতো মর্যাদাপূর্ণ উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে। শুভ কামনা রইল সবার জন্য। আর সুমীর জন্য অনেক অনেক দোয়া ও আদর।’
আগন্তুক নির্মাতা বিপ্লব সরকারের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। পরিচালনার পাশাপাশি সিনেমাটির গল্প ও চিত্রনাট্যও করেছেন তিনি। নির্মাতা জানান, সিনেমার গল্প আবর্তিত হয়েছে কাজল নামের ১০ বছর বয়সী এক বালককে ঘিরে। মা ও অসুস্থ দাদিকে নিয়ে কাজলদের সংসার। দীর্ঘদিন ধরে নিখোঁজ কাজলের বাবা হঠাৎ একদিন আগন্তুকের মতো পরিবারে ফিরে আসে। এরপর সে সংসারের টানাপড়েন আর দ্বন্দ্ব তুলে আনা হয়েছে সিনেমায়।
সিনেমাটির প্রযোজক হিসেবে আছেন রম্য রহিম চৌধুরী, তাজুল হক ও বিপ্লব সরকার। চলচ্চিত্রটি ২০১৯-২০২০ সালে বাংলাদেশ সরকারের অনুদান লাভ করে। গত বছরের মার্চ-এপ্রিলের বিভিন্ন সময়ে সিনেমাটির শুটিং হয়েছিল। আগন্তুক চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক রম্য রহিম চৌধুরী বলেন, ‘বুসানের মতো মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেয়া আমাদের জন্য খুবই সম্মানের। সীমিত রিসোর্স নিয়ে এ চলচ্চিত্র নির্মাণে আগন্তুকের সব সদস্যকেই প্রচুর কষ্ট করতে হয়েছে। আমাদের পরবর্তী লক্ষ্য হলো আন্তর্জাতিক ডিস্ট্রিবিউটর ও সেলস এজেন্টের কাছে আগন্তুক চলচ্চিত্র পৌঁছে দেয়া।’ এর আগে গত বছর আগন্তুক চলচ্চিত্র ভারতের গোয়ায় অনুষ্ঠিত ফিল্ম বাজারের ভিউয়িং রুমের রিকমেন্ডস বিভাগের সেরা চলচ্চিত্র হিসেবে প্রসাদ ল্যাব ডিআই ও মুভিবাফ অ্যাপ্রিসিয়েশন পুরস্কার জিতে নিয়েছিল। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন রতন দেব, মাহমুদ আলম, এহান, রাফসান, হৃদয়, হাসিমুন ও নাঈমা তাসনিমসহ অনেকে।










