বর্তমানে আমাদের দেশের সিনেমাগুলো সাড়া ফেলছে দেশের সীমানা ছাড়িয়ে। এর মধ্যে অন্যতম সিনেমা নূর ইমরান মিঠুর ‘পাতালঘর’। ‘কমলা রকেট’ খ্যাত নির্মাতার সিনেমা এটি। সিনেমাটির মুক্তি নিয়ে দর্শকের আগ্রহ ছিল। তবে প্রেক্ষাগৃহ নয়, বৃহস্পতিবার রাতে দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে এটি। স্ট্রিমিংয়ের পর থেকেই দর্শক মহলে প্রশংসা পাচ্ছে সিনেমাটি। 

পাতালঘর সিনেমা মা ও মেয়ের গল্পকে কেন্দ্র করে এগিয়েছে। তারকাবহুল এ সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে ২০২০ সালের অক্টোবরে নির্মাতার নিজ বাড়ি রাজবাড়ীর পাংশায়। এ সিনেমায় নুসরাত ফারিয়া অভিনয় করেছেন একজন নায়িকার চরিত্রে এবং তার মায়ের চরিত্রে আফসানা মিমি।

সিনেমাটি নিয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘এমন সিনেমা আমি আগে কখনো করিনি। তাই কাজটার জন্য খুব উৎসুক ছিলাম। স্ক্রিপ্ট দেখেই কাজ করার জন্য প্রেমে পড়ে যাই। মিমি আপাসহ সহশিল্পী সবাই খুবই দারুণ ছিলেন। যারা আমাকে বেশ আপন করে নিয়ে কাজটি করেছেন, আমি তাদের সঙ্গে আরো কাজ করতে চাই।’

পাতালঘরের শুটিং ও মুক্তি নিয়ে ফারিয়া বলেন, ‘কভিড-১৯-এর সময় আমরা এ সিনেমার শুট করেছিলাম। এখন রিলিজ হচ্ছে। আশা করি, দারুণ কিছু দেখবে দর্শক। এ বছর আমার জন্য বেশ ভালো। কারণ এটি বছরের ষষ্ঠ কনটেন্ট এবং তৃতীয় সিনেমা রিলিজ হচ্ছে আমার।’

আফসানা মিমি সিনেমাটি নিয়ে বলেন, ‘দুর্দান্ত কিছু সম্পর্কের গল্প বলা হয়েছে এ সিনেমায়। করোনার সময় একটি বাড়িতে যা ঘটে, তার আগে-পরের কিছু সম্পর্ক ও সমাজের কিছু দৃষ্টিভঙ্গির গল্প দেখা যাবে এ সিনেমায়।’

দীর্ঘদিন পর করোনার সময় বাড়ি ফিরে আসেন রুপালি পর্দার নায়িকা বাবলি। তাকে মুখোমুখি হতে হয় তার ফেলে আসা শৈশবের। অতীতের সম্পর্কগুলো ফিরে এলে বাবলি পর্দার চাকচিক্য পেছনে ফেলে অনাড়ম্বর জীবনের এক নতুন বাস্তবতার মুখোমুখি হন। সেই সঙ্গে মা-মেয়ের সম্পর্কের টানাপড়েন চলতে থাকে। এমনই এক গল্পে এগিয়েছে সিনেমাটি। পাতালঘর নিয়ে পরিচালক নূর ইমরান মিঠু বলেন, ‘আমি একটা বদ্ধ সময়ের গল্প বলতে চেয়েছি। একটা প্রতিকূল সময় মানুষকে কতটা দ্বন্দ্বে ভোগায় এটা সে গল্প। একটা মহামারী জীবন কীভাবে নাড়িয়ে দিতে পারে সে ভাবনা থেকে সিনেমাটা বানানো। সব অভিনেতাই অসম্ভব সহযোগিতা করেছেন। এখন দর্শক সিনেমাটা দেখলেই আমাদের সার্থকতা।’

পাতালঘরে আরো অভিনয় করেছেন মামুনুর রশীদ, নাসির উদ্দিন খান, রওনক হাসান, দীপান্বিতা মার্টিন, নাজিয়া হক অর্ষা, সালাউদ্দিন লাভলু, মৌটুসি বিশ্বাস, এরফান মৃধা শিবলু, মামুনুল হক, হাসনাত রিপনসহ আরো অনেকেই।

বক্স অফিস নিবেদিত ও গল্প রাজ্য ফিল্মসের প্রযোজনায় পাতালঘর নির্মাণে সহযোগিতা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও বাতায়ন প্রডাকশনস। সিনেমাটি প্রযোজনা করেছেন আবু শাহেদ ইমন। পাতালঘরের ওটিটি মুক্তি নিয়ে ইমন বলেন, ‘‌বিশ্বজুড়ে অনেক ভালো সিনেমা এখন ওটিটি প্লাটফর্মে মুক্তি পাচ্ছে। আমাদের দেশেও ওটিটিতে একশ্রেণীর দর্শক ভালো ছবি দেখার জন্য তৈরি হয়েছে। শুরু থেকেই ইচ্ছা ছিল দর্শকের কাছে এ ভালো কাজ পৌঁছে দেয়ার। বিশ্বের দর্শকের কাছে চরকির মাধ্যমে পাতালঘর পৌঁছে দিচ্ছি, যা দর্শক একযোগে দেখতে পারবে। পরে বিকল্প প্রদর্শনীর মাধ্যমে দেখানোর ইচ্ছা আছে।’

পাতালঘর ভারতের কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়েছে। গত বছর ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৩তম আসরে প্রদর্শিত হয় সিনেমাটি। এছাড়া বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগে প্রতিযোগিতা করে।