থিয়েটারে মুক্তির অপেক্ষায় আছে ইন্ডিয়ানা জোনস ফ্র্যাঞ্চাইজির পঞ্চম সিনেমা ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়াল অব ডেসটিনি’। আগামী মাসে কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। এ ফ্র্যাঞ্চাইজির সবগুলো সিনেমাই তুমুল জনপ্রিয়। এবারো তার ব্যতিক্রম হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে এ কিস্তিতে বড় একটি পরিবর্তন থাকছে। প্রথমবারের মতো ইন্ডিয়ানা জোনসের পরিচালকের আসনে নেই স্টিভেন স্পিলবার্গ। তার পরিবর্তে পরিচালকের হ্যাট উঠেছে জেমস ম্যানগোল্ডের মাথায়। এর আগে ‘দি উলভারিন’ ও ‘ফোর্ড ভার্সাস ফেরারি’র মতো উল্লেযোগ্য কয়েকটি সিনেমা পরিচালনা করেছেন তিনি। তবে ইন্ডিয়ানা জোনসের মতো অ্যাডভেঞ্চার ড্রামা পরিচালনার ক্ষেত্রে তার মুনশিয়ানা নিয়ে অনেকেই সংশয়ে ছিলেন।
তবে সবার আশঙ্কা দূর করেছেন স্বয়ং স্টিভেন স্পিলবার্গ। সম্প্রতি অনুষ্ঠিত টাইম হান্ড্রেড সামিটে ইন্ডিয়ানা জোনসের নতুন পর্ব নিয়ে কথা বলেন কিংবদন্তি নির্মাতা স্টিভেন স্পিলবার্গ। অন্যের পরিচালনায় সিনেমাটি দেখতে তার কেমন লেগেছে? এমন প্রশ্নের জবাবে তিনি এ সিনেমার উচ্ছ্বসিত প্রশংসা করেন। পরিচালকের প্রশংসা করতেও কার্পণ্য করেননি। তিনি বলেন, ‘ডিজনির নির্বাহী কর্মকর্তাদের জন্য বব আইগার একটি স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করেছিল। সেখানে পরিচালক জেমস ম্যানগোল্ডের সঙ্গে আমি গিয়েছিলাম। সবাই সিনেমাটি পছন্দ করেছে। এটি আসলেই দারুণ একটা “ইন্ডিয়ানা জোনস’’ হয়েছে। জেমস এ সিনেমা নিয়ে যা করেছে, তা দেখে আমি সত্যিই গর্বিত।’
উল্লেখ্য, বব আইগার হলেন ওয়াল্ট ডিজনি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা। জেমস ম্যানগোল্ডের নির্মাণ স্টিভেন স্পিলবার্গকে অভিভূত করেছে। সে অনুভূতি তিনি গোপন রাখেননি। স্পিলবার্গ বলেছেন, ‘সিনেমা শেষে আলো জ্বলে উঠল। আমি পুরো টিমের দিকে ঘুরে বলেছিলাম, “আমি ভেবেছিলাম, আমিই একমাত্র ইন্ডিয়ানা জোনস সিনেমা বানাতে পারি!”’ জেমস ম্যানগোল্ডের জন্য স্পিলবার্গের এ উক্তি নিঃসন্দেহে বড় পাওনা।
স্টিভেন স্পিলবার্গ ১৯৮১ সালে ইন্ডিয়ানা জোনস ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়েছিলেন। প্রথম সিনেমাটির নাম ছিল ‘রেইডার্স অব দ্য লস্ট আর্ক’। এরপর তিনটি সিকুয়াল তৈরি করেন তিনি। ১৯৮৪ সালে ‘টেম্পল অব ডুম’ মুক্তি পেয়েছিল। ১৯৮৯ সালে মুক্তি পায় ‘লাস্ট ক্রুসেড’। সর্বশেষ ২০০৮ সালে তার পরিচালনায় ইন্ডিয়ানা জোনসের চতুর্থ সিকুয়ালটি মুক্তি পায়। এর নাম ‘কিংডম অব দ্য ক্রিস্টাল স্কাল’।
দীর্ঘ বিরতির পর ভক্তদের জন্য আসছে ইন্ডিয়ানা জোনসের নতুন সিকুয়াল। পরিচালক পরিবর্তন হলেও প্রধান চরিত্রে কোনো পরিবর্তন আসেনি। বরাবরের মতো নাম ভূমিকায় থাকছেন হ্যারিসন ফোর্ড। শুরু থেকেই ইন্ডিয়ানা জোনসের চরিত্রে অনবদ্য অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে রেখেছেন তিনি। স্টিভেন স্পিলবার্গের সঙ্গে তার রসায়ন তো প্রমাণিত। নতুন পরিচালকের সঙ্গে তার রসায়ন কেমন জমেছে জানতে হলে সিনেমাটি দেখতে হবে।
সূত্র: ভ্যারাইটি










