বয়কট বলিউড আন্দোলনের অন্যতম পুরোধা ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে বলিউডের দিক থেকে এ বয়কট আন্দোলন প্রশমিত করতে নেয়া হয়েছে নানা উদ্যোগ। বিভিন্ন সময়ে দেয়া হয়েছে অভিযোগের উত্তর। কখনো কাজ দিয়ে। কখনো আবার মুখের কথায়। মঙ্গলবারে এক আলাপে বলিউড অভিনেতা সুনীল শেঠি তেমনই একটি ঘটনা নিয়ে মুখ খুললেন। তিনি জানান, বয়কট বলিউড আন্দোলন নিয়ে তিনি যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেছিলেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে তিনি বয়কট বলিউড ট্রেন্ড বন্ধ করতে অনুরোধ করেছিলেন জানুয়ারিতে। 

এএনআইয়ের সঙ্গে আলাপে সুনীল শেঠি বলেন, ‘মুখ্যমন্ত্রীও বুঝতে পেরেছিলেন যে আমি ঠিক কথাই বলছি। হিন্দি সিনেমার অনেক বড় অবদান আছে। যোগীজী বলেছিলেন, প্রভু রামের দিকেও আঙ্গুল তোলা হয়েছে। প্রধানমন্ত্রী মোদি ও অনুরাগ ঠাকুরও এ প্রসঙ্গে কথা বলেছেন। গণমাধ্যমও এটিকে ভালোভাবে উপস্থাপন করেছিল।’

জানুয়ারির শুরুর দিকে সুনীল শেঠি যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেছিলেন বলে জানা যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তিনি বয়কট বলিউড আন্দোলন থেকে মুক্তি পেতে যোগীকে সাহায্য করার অনুরোধ করেন। 

বলিউডে বিতর্কিত কাজ যে একেবারেই হয় না, তা কিন্তু নয়। আপত্তি জানানোর মতো অনেক কিছুই হয়তো আছে। তবে বিশ্বের দ্বিতীয় বৃহৎ এ সিনেমা ইনডাস্ট্রির সামগ্রিক কাজের তুলনায় সেসব একেবারেই নগণ্য। এসব কাজ দিয়ে বলিউডকে মূল্যায়ন করা যাবে না। যোগী আদিত্যনাথের কাছে এমন বক্তব্যই হাজির করেছেন সুনীল শেঠি। যোগীর সঙ্গে আলোচনায় সুনীল এসব অনর্থক কর্মকাণ্ড নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘বয়কট বলিউড আপনার হস্তক্ষেপে বন্ধ হতে পারে। এটি স্বীকার করা গুরুত্বপূর্ণ যে আমরা ভালো কাজ করেছি। ১০০টি আপেলের মধ্যে একটি পচা আপেল থাকতেই পারে। কিন্তু আমাদের ৯৯ শতাংশই খারাপ কিছুর সঙ্গে জড়িত নয়। আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। যদি আপনি দায়িত্ব নেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন, তাহলে অবস্থার উন্নতি ঘটবে।’

সূত্র: ডিএনএ