আমেরিকান আইডল প্রতিযোগিতার রোববারের রাতটি ছিল ব্যতিক্রম। সে রাতে সারপ্রাইজ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা। রাজা হিসেবে মাত্র অভিষেক হলো চার্লসের। এর মধ্যেই তিনি উপস্থিত হলেন আমেরিকান আইডলে! তবে সরাসরি নয়। অনুষ্ঠানের শুরুতে প্রদর্শিত একটি ভিডিওতে তাদের দেখা যায়। সঞ্চালক রায়ান সিক্রেস্ট এটি উপস্থাপন করেন।
আমেরিকান আইডলের নিয়মিত বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন লিওনেল রিচি ও ক্যাটি পেরি। তবে রোববার রাতে তারা নিয়মিত দায়িত্ব পালন করতে পারেননি। চার্লসের রাজ্যাভিষেকের কনসার্টে যোগ দিতে উইন্ডসর ক্যাসেলে গিয়েছিলেন তারা। সেখানে রাজা ও রানীর সঙ্গে ধারণকৃত ক্লিপটি আমেরিকান আইডলের জন্য স্যুভেনির হিসেবে পাঠিয়েছেন তারা।
ভিডিও ক্লিপের শুরুতে উইন্ডসর ক্যাসেলের একটি কক্ষে লিওনেল রিচি ও ক্যাটি পেরিকে দেখা যায়। হঠাৎ করে সেখানে রাজা ও রানীর আগমন ঘটে। তাদের সঙ্গে খুনসুটিতে মাতেন রাজা তৃতীয় চার্লস। তিনি মজা করে বলেন, ‘আমি দেখতে এসেছি, কতক্ষণ আপনারা এ কক্ষ ব্যবহার করবেন?’ উত্তরে রিচি বলেন, ‘আমরা জেনেছি যে এখানে একটি পার্টি হচ্ছে।’ তখন চার্লস প্রশ্ন করেন, ‘ওহ, আপনারা সেটি সম্পর্কে শুনেছেন?’ এরপর রাজ্যাভিষেক অনুষ্ঠানে উপস্থিত হওয়া ও পারফর্ম করার জন্য রিচিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘চমৎকার পারফরম্যান্সের জন্য তোমাকে ধন্যবাদ। এটি অসাধারণ ছিল।’ সে সময় রাজা ও রাণীর এ ক্যামিও ভিডিওটি ধারণ করেন লিওনেল রিচি। চার্লসের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক এক্ষেত্রে তাকে সাহায্য করেছে।
রোববার রাজ্যাভিষেকের কনসার্টের প্রথম অধিবেশনে ক্যাটি পেরি ও লিওনেল রিচি পারফর্ম করেন। তাদের সঙ্গে আরো ছিলেন ইংলিশ পপ গ্রুপ ‘টেক দ্যাট’ ও ‘আঁদ্রে বোসেল্লি’। উইন্ডসর ক্যাসেলের মাঠে এ কনসার্টের আয়োজন হয়েছিল। আমন্ত্রিত অতিথি ও সাধারণ দর্শক মিলিয়ে মোট ২০ হাজার মানুষের সামনে পারফর্ম করেন শিল্পীরা। লিওনেল রিচি ও ক্যাটি পেরির পরিবর্তে সে রাতে আমেরিকান আইডলের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন এলানিস মরিসেট ও এড শিরান। অতিথি বিচারক হিসেবে লুক ব্রায়ানকে দেখা যায়।
সূত্র: ভ্যারাইটি










