দেশের জনপ্রিয় নাট্যদল বটতলা ১৫ বছর পার করেছে। গত ২৭ আগস্ট ছিল বটতলার প্রতিষ্ঠা দিবস। এ উপলক্ষে ‘পনেরোতে বটতলা: বিশ্বায়নের বিচ্ছিন্নতায় যূথতার আহ্বান’ স্লোগানকে আজ দিনব্যাপী আয়োজন করেছে নাট্যদলটি। বটতলা নাট্যদলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রূপগঞ্জের জাঙ্গীর গ্রামের রূপগাঁওয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বটতলার দিনব্যাপী আনন্দ আয়োজন।
এছাড়া একই দিনে অনুষ্ঠিত হবে বটতলার দ্বিবার্ষিক সম্মেলন। সারা দিনের এ আয়োজনে পুরনো কমিটি বাতিল ও নতুন কমিটি নির্বাচনের পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপগাঁওয়ের উঠোনে রোপণ করা হবে ১৫টি গাছের চারা। এবারের আয়োজনে ১৫ জন নাট্য দর্শককে সম্মান জানাবে বটতলা।
বটতলার পরিচালক কাজী রোকসানা রুমা জানান, বটতলা মনে করে দর্শকই নাটকের প্রাণ। দর্শকের ভালোবাসার কারণেই বটতলা বার বার সাহস পায় মঞ্চে নতুন নাটক আনার। এরই ধারাবাহিকতায় মঞ্চে এসেছে বটতলার ধামাইল, খনা, দ্য ট্রায়াল অব মাল্লাম ইলিয়া, ক্রাচের কর্নেল, মধুশিকারি, মার্ক্স ইন সোহো, রাইজ অ্যান্ড শাইন, সখী রঙ্গমালা, বন্যথেরিয়াম ইত্যাদি নাটকগুলো। এছাড়া দেশের নানা সংকটে বটতলা নিজেদের উপস্থিতি সাহসের সঙ্গে জানান দিয়েছে রাজপথে। আর এ সাহস জুগিয়েছে দর্শক। সেসব দর্শকের মধ্য থেকেই ১৫ জনকে জানানো হবে এ সম্মান। এ আয়োজনে আরো থাকবে বটতদলার শিশুদের অ্যাক্টরস স্টুডিও ‘অভিনয়ে হাতেখড়ি’র শিশুদের জন্য আর্ট ক্যাম্প ও ঘুড়ি উৎসব।
রুমা বলেন, ‘বটতলা নানা সময়ে পথে, ঘাটে ও বিশেষ করে করোনাকালে অনলাইনে প্রতিবাদের ভাষা নিয়ে হাজির হয়েছে যেসব নাটকের মধ্য দিয়ে সেসব নাটককে এক জায়গায় করে একটি বই প্রকাশ করছে। এ উৎসবে সে বইয়েরও মোড়ক উন্মোচন করা হবে। বইটির সম্পাদনা করেছেন সামিনা লুৎফা নিত্রা। বইটির নাম দেয়া হয়েছে বটতলার নাটক: পথে-নেটে-সচেতনায়নে।’










