‘কমলা রকেট’ খ্যাত নির্মাতা নূর ইমরান মিঠুর দ্বিতীয় চলচ্চিত্র ‘পাতালঘর’। সিনেমাটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে। আগামীকাল ওটিটি প্লাটফর্ম চরকিতে ‘পাতালঘর’ মুক্তি পেতে যাচ্ছে 

বক্স অফিস নিবেদিত ও গল্প রাজ্য ফিল্মসের প্রযোজনায় ‘পাতালঘর’ নির্মাণে সহযোগিতা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, বাতায়ন প্রডাকশনস। সিনেমাটি প্রযোজনা করেছেন আবু শাহেদ ইমন। পাতালঘরের ওটিটি মুক্তি নিয়ে ইমন বলেন, ‘‌বিশ্বজুড়ে অনেক ভালো সিনেমা এখন ওটিটি প্লাটফর্মে মুক্তি পাচ্ছে। আমাদের দেশেও ওটিটিতে এক শ্রেণীর দর্শক ভালো ছবি দেখার জন্য তৈরি হয়েছে। শুরু থেকেই ইচ্ছে ছিল দর্শকদের কাছে এ ভালো কাজ পৌঁছে দেয়ার। সারা বিশ্বের দর্শকের কাছে চরকির মাধ্যমে পাতালঘর পৌঁছে দিচ্ছি। যা দর্শকরা একযোগে দেখতে পারবে। পরে বিকল্প প্রদর্শনীর মাধ্যমে দেখানোর ইচ্ছা আছে।’

পাতালঘরের শুটিং হয়েছিল করোনাকালে। যা মা ও মেয়ের মনস্তাত্ত্বিক টানাপড়েনের গল্প নিয়ে নির্মিত। এতে অভিনয় করেছেন আফসানা মিমি, নুসরাত ফারিয়া, মামুনুর রশিদ, সালাউদ্দিন লাভলু, গিয়াস উদ্দিন সেলিম, ফজলুর রহমান বাবু, নাজিয়া হক অর্ষা, মামুন-উল-হক, দীপান্বিতা মার্টিন, রওনক হাসান, নাসির উদ্দিন খান, মৌটুসি বিশ্বাস, আরফান মৃধা শিবলু, শাদাত রাসেল, হাসনাত রিপন, চন্দনা বিশ্বাস।

এর আগে পাতালঘর ভারতের কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়। গত বছর গোয়ায় ৫৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। চলতি বছর নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ফিচার সিনেমা হিসেবে ‘ডন কিহোতে পুরস্কার’ পেয়েছে।