বলিউডের ‘দ্য ট্র্যাজিক কুইন’-খ্যাত নায়িকা মীনা কুমারীর বায়োপিক নির্মাণের উদ্যোগে বাধা দিলেন তার সৎ ছেলে তাজদার আমরোহী। মা ও বাবা কামাল আমরোহীকে নিয়ে কোনো মিথ্যা পর্দা উঠে আসুক, এমনটা চান না বলেই জানালেন তিনি।

বায়োপিকটি নির্মাণের কথা বলিউডের বিখ্যাত পোশাক ডিজাইনার মণীশ মালহোত্রার। যার পোশাকেই সাজার জন্য মুখিয়ে থাকেন তাবড় নায়ক-নায়িকারা। দিন কয়েক মণীশ জানান, আপাতত চিত্রনাট্য লেখার কাজ চলছে। প্রযোজনা করবে টি-সিরিজ। অবশ্যই এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তার আগেই হুঁশিয়ারি পেলেন নির্মাতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মণীশ জানান, ‘পাকিজা’ ও ‘বৈজু বাওরা’-খ্যাত মীনা কুমারীর জীবন অবলম্বনে ছবির বানানোর ইচ্ছা রয়েছে তার। এ খবর প্রকাশ্যে আসতেই বিপত্তি। বেঁকে বসেছেন মীনা কুমারী ও প্রয়াত প্রযোজক-পরিচালক কামাল অমরোহীর ছেলে তাজদার অমরোহী।

তাজদার হুঁশিয়ারি দিয়ে জানান, অনুমতি ছাড়া তার মায়ের জীবনীচিত্র বানানো হলে আদালত পর্যন্ত যাবেন তিনি। বলেন, ‘মীনা কুমারী আমার মা, কামাল অমরোহী আমার বাবা। ইন্ডাস্ট্রির মানুষেরা নিজেদের মা-বাবার জীবন নিয়ে বায়োপিক বানাতে পারেন তো! তা তো করবেন না। তা হলে আমার মাকে নিয়ে মিথ্যার পর মিথ্যা সাজিয়ে বায়োপিক বানানোর কারণ কী?’

‘বাবা ২৯ বছর আগে মারা গেছেন। ছোট মা আরোও আগে। কিন্তু তারা আজো দর্শকের মনে রয়েছে গেছেন। সেই ভাবমূর্তিকে নষ্ট হতে দেব না আমি।’

যদিও মীনা কুমারীর ট্র্যাজিক জীবন ও অকাল মৃত্যুর জন্য কামাল আমরোহীর সঙ্গে সম্পর্ককে দায়ি করা হয়; তাজদার বলেন, ‘আমি জানি তাদের দাম্পত্য জীবনের সত্য কী। বাবার সঙ্গে ছোট মায়ের বিয়ে হওয়ার পরে তার ক্যারিয়ারের আরো উন্নতি হয়। কিন্তু ইন্ডাস্ট্রির বাকিদের মতো তারা কোনোদিন লুকোচুরি করে প্রেম করেননি।’

মাত্র ৩৮ বছর বয়সে যকৃতের অসুখে মারা যান মীনা কুমারী। বলিউডে ‘দ্য ট্র্যাজেডি কুইন’ নামে পরিচিত তিনি। অল্প সময়ের ক্যারিয়ারে ৯০টির ছবিতে অভিনয় করেছেন। সর্বশেষ ছবি ‘পাকিজা’ মুক্তি পায় মৃত্যুর এক মাস আগে। এ ছবি মিলনান্তক হলেও আড়ালে রয়েছে মীনা কুমারীর বিড়ম্বিত সামাজিক জীবন।