২৮ অক্টোবর থেকে প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘দামাল’। মুক্তিযুদ্ধের সময়কার স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে এ সিনেমা। দলটি খেলার অর্থ সংগ্রহ করে সেই অর্থ তুলে দিয়েছিল মুক্তিবাহিনীর হাতে। এ দলের সদস্যরা মুক্তিযোদ্ধার পাশাপাশি এ দেশের স্বাধীনতার ইতিহাসে অবদান রেখেছে। ইতিহাসের এ অংশটুকু দেখা যাবে দামালে, এছাড়া উঠে আসবে অজানা ইতিহাস। ইমপ্রেস টেলিফিল্ম লি. ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে সিনেমাটির নির্মাণ করেছেন রায়হান রাফী। দামাল সিনেমাটি মুক্তি উপলক্ষে গত মঙ্গলবার সন্ধ্যায় বসুন্ধরা সিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে মিম ছাড়াও ছিলেন ছবির পরিচালক রায়হান রাফী, সিয়াম, শরিফুল রাজ, রাশেদ অপু, শাহনাজ সুমি, সামিয়া অথৈ প্রমুখ।

এ সময় পরিচালক রায়হান রাফী বলেন, যে পরিমাণ কষ্ট করেছি তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। এ কারণে আমি সবসময় বলি, আমার ক্যারিয়ারে এখন পর্যন্ত বানানো বেস্ট সিনেমা দামাল। দর্শকেরা আমাকে যেভাবে বিশ্বাস করেছে, কোনোভাবে তারা দামাল দেখে হতাশ হবে না। মুক্তিযুদ্ধ নিয়ে যেসব সিনেমা তৈরি হয় সেগুলো বেশির ভাগই অনুদানের সিনেমা।

বাণিজ্যিকভাবে কেউ মুক্তিযুদ্ধের সিনেমা বানায় না। সেই জায়গা থেকে আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করেছি ভালো করার। যাতে সব শ্রেণীর দর্শক হলে গিয়ে পরিবার নিয়ে দেখতে পারবে। সেই সঙ্গে তারা হাততালি দেবে, নাচবে, কাঁদবে এবং বের হওয়ার সময় তৃপ্তি নিয়ে বের হবে।

দামাল সিনেমা নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন বিদ্যা সিনহা মিম। তিনি বলেন, এবার খুব চ্যালেঞ্জিং চরিত্র করেছি। নিজেকে অনেক ভাগ্যবান মনে করি ওই সময়ের গল্পে কাজ করতে পেরে। আমার বিশ্বাস আগের বার দর্শক গালি দিয়েছিল, এবার তালি দেবে। আমি একাত্তরের যুদ্ধ দেখিনি। অনেক ইচ্ছে ছিল যুদ্ধের গল্পের ছবিতে কাজ করব। যখন শুটিং করেছি মনে হতো একাত্তর সালে বসবাস করছি। আমি তো মুক্তিযুদ্ধ দেখিনি। যুদ্ধের সময়কার ফুটবল খেলাও দেখিনি। আমি সেই সময়েই আছি। খেলা বাদেও এ সিনেমায় অনেক কিছু আছে। আপনারা হলে গেলেই সেটা বুঝতে পারবেন।

রায়হান রাফী পরিচালিত পরাণ সিনেমাটি মুক্তির ১৪ সপ্তাহ পার হয়ে গেলেও এখনো প্রেক্ষাগৃহে চলছে। এর প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন মিম। অন্যদিকে দামাল সিনেমায় মিমকে দেখা যাবে হাসনা চরিত্রে। পরাণ সিনেমার অনন্যার বিপরীত চরিত্র হাসনা, এমনটাই এ অভিনেত্রী ইঙ্গিত দিয়ে আসছিলেন।

মিমের বিপরীতে এ সিনেমায় দেখা যাবে শরিফুল রাজকে। দামালে রাজ ফুটবল দলের অধিনায়ক। এ নিয়ে শরিফুল রাজ বলেন, ‘বাংলা সিনেমা নিয়ে আগে মানুষের যে ধারণা ছিল তা একেবারে বদলে গিয়েছে। এখন পরিবার নিয়ে মানুষ সিনেমা দেখতে যায়। যেভাবে মানুষ পরাণ ও হাওয়ার সঙ্গে ছিল তেমন করে দামালের সঙ্গেও থাকবে।’

দামালে রাজ ফুটবল দলের অধিনায়ক আর তার সঙ্গে দেখা যাবে সিয়াম আহমেদকে ফুটবল দলের স্ট্রাইকারের ভূমিকায়।

আসন্ন সিনেমাটি নিয়ে সিয়াম আহমেদ বলেন, ‘একটা সিনেমার পেছনে যে কত শ্রম আর মেধা খরচ হয়, সেটা পর্দার সামনে বসে অনুভব করা যায় না। আজ আপনাদের আমি একটা ঘটনা বলি। আমরা রোজ সকালে মাঠে যেতাম। রোদের মধ্যে সারা দিন প্র্যাকটিস করতাম আর খেলতাম। এর মধ্য দিয়েই আসলে সিনেমার ফুটেজগুলো চলে আসত। আপনারা যখন সিনেমাটি দেখবেন, তখন একটু হলেও টের পাবেন।’

চলতি বছরের অন্যতম সফল সিনেমা রায়হান রাফী পরিচালিত পরাণ। দামালের মধ্য দিয়ে ফের পর্দায় একসঙ্গে দেখা যাবে ‘পরাণ’ জুটি বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজকে। এর সঙ্গে দেখা মিলবে রাশেদ অপু, শাহনাজ সুমি, সামিয়া অথৈসহ একঝাঁক তারকাদের।

রায়হান রাফী এর আগে পোড়ামন ২, দহন ও পরাণ নির্মাণ করেছেন।