বছর খানেক ধরে ভক্তদের মুখে একই প্রশ্ন—কবে আসবে পঞ্চায়েত থ্রি? অ্যামাজন প্রাইমের এ ওয়েব সিরিজ দর্শকদের মন জয় করেছে। স্বভাবতই তারা অপেক্ষা করছেন নতুন সিজনের জন্য। জীতেন্দ্র কুমার, নীনা গুপ্ত, রাঘুভীর যাদবদের অভিনয়ে নির্মিত সিরিজটির কাহিনী মূলত শহুরে একটি যু্বকের জীবন নিয়ে, যাকে একটি গ্রাম পঞ্চায়েতের সচিব হিসেবে নিয়োগ করা হয়।
চিত্রনাট্য লেখক চন্দন কুমার লিখেছেন পঞ্চায়েতের গল্প। তিনিই এ সিরিজের নেপথ্যে। চন্দন কোনো গভীর ভাবনা ছাড়াই নতুন কাহিনী নির্মাণ করতে আগ্রহী নন। তাই নতুন সিজন তৈরিতে আরেকটু সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। চন্দন বলেছেন, ‘চিন্তার কোনো কারণ নেই, কারণ বেশকিছু সিজনের পরিকল্পনা আমাদের আছে। তবে এখনই নতুন সিজন আরম্ভ করা সম্ভব নয়, কিন্তু মানুষের ভুলে যাওয়ার আগেই আমরা পরবর্তী সিজনটি দেখাতে পারব।’
তৃতীয় সিজন দর্শকের প্রতীক্ষা ও প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা এবং এক্ষেত্রে কোনো চাপ অনুভব করছেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই, একেকটা সিজন চলাকালে যথেষ্ট চাপ কাজ করে। আমি চিন্তিত ছিলাম, প্রথম সিজনে আমরা বাজিমাত করতে পারব কিনা এবং যখন সেটা হলো, আমরা আবার দ্বিতীয় সিজন নিয়ে চিন্তা করতে থাকলাম যে এটাও প্রথমটির মতো সাড়া জাগাতে পারবে কিনা। আমার মতে একজন সৃষ্টিশীল মানুষের জন্য এটা একটা অন্তহীন প্রক্রিয়া।’
তৃতীয় সিজনটিতে কী হতে পারে, তা প্রকাশ না করেও চন্দন নিশ্চিত করেন এই বলে, ‘অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা হবে। এছাড়া শেষ সিজনে স্থানীয় রাজনীতি ও তাতে বিরোধী দল হিসেবে ভূষণের উত্থান দেখা যায়। সেটার পাশাপাশি অভিষেক ও তার সরকারি পরীক্ষা প্রীতির ঘটনাটি নিয়ে আমরা শুরু করব।’
পঞ্চায়েতের পর এ রকম একই ধরনের বেশকিছু শো বের হয়েছে। চন্দনের মতে শহরের একজন মানুষের গ্রামে যাওয়ার ঘটনা অনেকের জীবনের সঙ্গেই মিলে যায়। এ ধরনের আরেকটি সিরিজের কাহিনী রচনা করার জন্য অনেক প্রস্তাব পেলেও খুব বিনীতভাবে সেগুলো প্রত্যাখ্যান করেছেন তিনি। আপাতত পঞ্চায়েতই তার সব মনোযোগের বিষয়। পঞ্চায়েতের এ সফলতার রহস্য জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বলছি না এটা একটা বিরাট কিছু, কিন্তু আমরা দর্শকদের একঘেয়ে হতে দিইনি। ছোট ছোট বিষয়ের প্রতি আমরা গুরুত্ব দিয়েছি, যেগুলো দর্শকদেরও নাড়া দিয়েছে। এমনকি একদম সাধারণভাবে গল্প বলার সঙ্গে সঙ্গে নতুন উপাদান যোগ করেছি। মানুষ শো নিয়ে একে অন্যের সঙ্গে কথা বলেছে, যেটা সম্ভব হয়েছে কাহিনীর গতির সঙ্গে নিজেকে যুক্ত করতে পারার ফলে। এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।’
পঞ্চায়েত সচিবের চরিত্রে থাকা জীতেন্দ্র কুমারের সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান টিভিএফের কলহ ও নতুন সিজনে তার অভিনয় না করা নিয়ে জানতে চাইলে চন্দন হাসিমুখেই জানান, ‘না! সবকিছু সঠিক পথেই আছে।’
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস










