পর্দায় নিয়মিত অভিনয় করছেন রুকাইয়া জাহান চমক। ঈদকে ঘিরে কাজের ব্যস্ততা ছিল এ অভিনেত্রীর। এবারের ঈদে তার গল্পে দুটি নাটক নির্মাণ করা হয়েছে। তার গল্প ভাবনায় সুস্ময় সুমনের চিত্রনাট্যে হাসান রেজাউল নির্মাণ করেছেন নাটক ‘রিভেঞ্জ’। এতে রুকাইয়া জাহান চমকের বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। অন্যদিকে ফেরারী ফরহাদের সংলাপ ও চিত্রনাট্যে ‘চন্দ্রপক্ষ’ নাটকটি নির্মাণ করেছেন রাইসুল তমাল। এ নাটকে চমকের বিপরীতে অভিনয় করেছেন সৈয়দ জামান শাওন। নাটক দুটি প্রচারের পরই দর্শক মহলের প্রশংসা পাচ্ছে বলে জানান রুকাইয়া জাহান চমক। 

অভিনেত্রী তার গল্পের ভাবনার নাটক দুটি নিয়ে বলেন, ‘রিভেঞ্জ ও চন্দ্রপক্ষ নাটক দুটি নিয়েই দর্শকের আগ্রহ বাড়ছে। ভালো সাড়া পাচ্ছি আমি গল্পের জন্য। এর সঙ্গে প্রশংসা পাচ্ছি অভিনয়েরও। এতে নাটকের গল্প নিয়ে আমার আগ্রহ আরো বেড়েছে। এটা আমাকে খুব অনুপ্রাণিত করেছে। নিজের গল্পের নাটকে অভিনয় করতে ভালো লাগাটা সত্যিই একটু অন্য রকম। ভবিষ্যতে আরো ভালো গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হওয়ার প্রত্যাশা রাখি। আমি অবশ্যই কৃতজ্ঞ, যারা আমাকে গল্প ভাবনার জন্য অনেক অনুপ্রেরণা দিয়েছেন।’ এদিকে এরই মধ্যে খায়রুল বাসারের বিপরীতে চমক রিদম শাহীনের পরিচালনায় ‘নয়া প্রেমের কিচ্ছা’ নাটকের কাজ শেষ করেছেন। ফয়সাল আজাদ পরিচালিত চমক অভিনীত ‘লেডিস ফার্স্ট’ নাটকটিও শিগগিরই প্রচার হবে বলে জানিয়েছেন এ অভিনেত্রী। রুকাইয়া জাহান চমক ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছিলেন। এরপর আলোচনায় আসেন এনটিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘হাউজ নং ৯৬’-এ অভিনয় করে। বর্তমান সময়ে অভিনয় নিয়ে ব্যস্ত থাকলেও এ অভিনেত্রী একজন ডাক্তার। দেশের একটি সরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করেছেন চমক।