প্রাচ্যনাটের ৪১তম প্রযোজনা ‘আগুনযাত্রা‘। ভারতের নাট্যকার মহেশ দাত্তানির লেখা ‘সেভেন স্টেপ অ্যারাউন্ড দ্য ফায়ার’ বাংলায় আগুনযাত্রা হিসেবে মঞ্চায়িত হয়। মূল থেকে অনুবাদ করেছেন শহীদুল মামুন। রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। এ মাসে থাকছে নাটকের পাঁচটি প্রদর্শনী। আগামীকাল সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল হলে হবে এর প্রথম প্রদর্শনী। এরপর ১২ জুলাই সন্ধ্যা ৭টায় শিল্পকলার পরীক্ষণ থিয়েটার হল, মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ১৩ জুলাই সন্ধ্যা ৭টায় এবং ১৪ জুলাই বিকাল সাড়ে ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় আগুনযাত্রার দুটি মঞ্চায়ন হবে। নাটক শুরু হওয়ার আগে থাকছে থিয়েট্রিক্যাল পারফরম্যান্স ও প্রাচ্যনাটের সব নাটকের পোস্টার প্রদর্শনী।
নাটকের একটি চরিত্র উমা। তার গবেষণার বিষয় হিজড়া বা রূপান্তরকামী মানুষ অথবা তৃতীয় লিঙ্গ। গবেষণার সূত্র ধরে সে কমলা হিজরার হত্যাকাণ্ডের সূত্র খুঁজে পায়। কমলাকে পুড়িয়ে মারা হয়েছে এবং এ হত্যাকাণ্ডের জন্য আনারকলি নামে আরেক হিজড়া হাজতবাস করছে। উমার স্বামী জেল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সে সুবাদে আনারকলির সঙ্গে সাক্ষাৎ করা সহজ হয় উমার এবং আরো কিছু সূত্র খুঁজে খুঁজে সে হিজড়াদের ডেরায় প্রবেশ করে। উমার এ গবেষণা শুধু গবেষণার মধ্যে সীমাবদ্ধ থাকে না, সে জড়িয়ে পড়ে এ সম্প্রদায়ের মানুষের সঙ্গে মায়া আর দায়িত্বের বন্ধনে। উমার হারিয়ে যাওয়া এক ভাই বা বোন তৃতীয় লিঙ্গের। উমা যেন তাকেও খুঁজে ফেরে। এ নিয়েই এগোয় নাটকের গল্প। আগুনযাত্রায় অভিনয় করেছেন শাহেদ আলী, ফরহাদ হামিদ, সানজিদা প্রীতি, শারমিন আক্তার শর্মী, প্রদ্যুৎ কুমার ঘোষ, মো. আব্দুর রহিম খান, রকি খান, তানজি কুন, ডায়ানা ম্যারলিন, ফয়সাল সাদী, আহমেদ সাকি, একেএম ইতমাম, তমাল, রানা নাভেদ, উচ্ছ্বাস তালুকদার।










