বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ২০ ফেব্রুয়ারি ছাড়পত্র পেয়েছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত সিনেমা গুণিন। খুব দ্রুত প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

গুণিন সিনেমার প্রধান দুই চরিত্রে দেখা যাবে শরিফুল রাজ ও পরীমনিকে। তারা সিনেমার গল্পে রাবেয়া-রমিজ। এ সিনেমার শুটিং করতে গিয়েই পরিচয়, প্রণয় তারপর পরিণয় আলোচিত এ জুটির। সিনেমার রাবেয়া-রমিজ এখন বাস্তবে বেঁধেছেন সংসার। তবে সিনেমায় তাদের পরিণতি কী হয়? সিনেমায়ও কি তারা বাঁধতে পারবেন এমন সুখের সংসার? এমন প্রশ্নের উত্তর পেতে হলে গিয়ে দেখতে হবে পূর্ণদৈর্ঘ্য সিনেমা গুণিন।

গুণিন সিনেমার নাম চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। সেই সঙ্গে দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মনওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ আরো অনেককেই দেখা যাবে এ সিনেমায়।

পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘গুণিন সেন্সর সার্টিফিকেট পেয়েছে। এটা আমাদের পুরো দলের জন্য খুবই আনন্দের সংবাদ। সেন্সর বোর্ডের দু-একজন সদস্য আমাকে জানিয়েছেন, তাদের সিনেমাটা খুব ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি গুণিন সিনেমা হলে মুক্তি পাবে। হলে চলার পর সিনেমাটি ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি দেয়া হবে। আমার ধারণা, দর্শক সিনেমাটি উপভোগ করবে। সিনেমায় যারা যারা অভিনয় করেছেন প্রত্যেকে চমত্কার পারফম্যান্স দেখিয়েছেন। আমি পরিচালক হিসেবে সবার কাজে খুবই খুশি। দর্শক সিনেমা দেখলেই বুঝতে পারবে যে সবাই খুব ডেডিকেটেড ছিল।’

পরিচালক আরো বলেন, ‘গুণিন সিনেমার গল্প হাসান আজিজুল হক স্যারের ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে নেয়া। আমার শিক্ষাজীবনেরও গুরু তিনি। ছোটগল্পকে সিনেমায় রূপ দেয়া খুব চ্যালেঞ্জিং। কিন্তু সাহস নিয়ে কাজটি করেছি। হাসান স্যারের লেখা মানেই তো জীবনভিত্তিক। সেই সঙ্গে প্রথম থেকেই পাশে ছিল চরকি। কাজটি করতে গিয়ে ভীষণ উপভোগ করেছি।’

চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ওটিটি প্লাটফর্ম চরকি। প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা বলেন, ‘২০ ফেব্রুয়ারি গুণিন সেন্সর সার্টিফিকেট পেয়েছে। এই প্রথম আমাদের প্রযোজিত কোনো সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আমাদের জন্য এটা নতুন অভিজ্ঞতা। আপনারা হলে গিয়ে গুণিন দেখুন।’