সঞ্জয় লীলা বানসালির সিনেমা ‘গোলিয়োঁ কি রাসলীলা—রাম-লীলা’। ২০১৩ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। এ সিনেমার ‘রাম চাহে লীলা’ আইটেম সংয়ে পারফর্ম করেছিলেন প্রিয়াংকা চোপড়া। বৃহস্পতিবার তিনি ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করেন। রীতিমতো নস্টালজিয়া প্রকাশ করেছেন রামলীলার গানটি নিয়ে। নিজের পোস্টে প্রিয়াংকা এ আইকনিক পারফরম্যান্সের পেছনের আবেগ ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। সেই সঙ্গে জানান, গানটিতে পারফর্ম করা নিয়ে শুরুতে দ্বিধা ছিল তার।
প্রিয়াংকা জানান, প্রথমে রাজি হতে কিছুটা দ্বিধা থাকলেও পরে ইতিবাচক সিদ্ধান্ত নেন। এ নিয়ে তিনি লেখেন, ‘যখন সঞ্জয় স্যার আমার কাছে গানটি নিয়ে এলেন, তখন সিদ্ধান্ত নেয়া আমার সহজ ছিল না।
কিন্তু তিনি একজন নির্মাতা হিসেবে আমাকে সবসময় অনুপ্রাণিত করেছেন।’
প্রিয়াংকা চোপড়া স্মৃতিচারণা করে নিজের কিছু চিন্তা প্রকাশ করেছেন। তিনি জানান, সে সময় তাদের শিল্প, সংগীত, খাবার ও পুরনো দিনের গল্প নিয়ে বহু আলোচনা হয়েছে। বিষয়গুলো এক বিন্দুতে গিয়ে মিলেছিল। সে সময় তিনি গানটি শোনেন এবং চরিত্রটির সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেন। প্রিয়াংকা বলেন, ‘আমি জানতাম, আমিই সেই মেয়ে।’ অর্থাৎ তিনি এ গানের চরিত্রের সঙ্গে নিজেকে যুক্ত করছিলেন।
গানটি তুমুল জনপ্রিয় হয়েছিল। তবে সাফল্যের পেছনে সিনেমাটোগ্রাফার রবি বর্মণের অবদানের কথাও বলেছেন প্রিয়াংকা। তার মতে, রবির চিত্রায়ণ গানটির প্রভাবকে আরো গভীর করে তুলেছিল। এরপর আসে কোরিওগ্রাফার বিষ্ণু দেবার কথা। তার সঙ্গে মধ্যাহ্নভোজের বিরতিতে রিহার্সাল করে প্রতিটি স্টেপ নিখুঁত করতে চেয়েছিলেন প্রিয়াংকা। এ অভিজ্ঞতাকে তিনি একটি সৃজনশীল পরিপূর্ণ মুহূর্ত বলে বর্ণনা করেন এবং জানান, সেই শুটিংয়ের স্মৃতি আজও তার মনে উষ্ণভাবে গেঁথে আছে।
এ পোস্টের পর বলিউড ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রান্ত থেকে প্রশংসার বন্যা বয়ে যায়। দিয়া মির্জা, ভূমি পেডনেকর তার প্রশংসা করেছেন। ভূমি বলেছেন, ‘মায়েস্ত্রোর সঙ্গে কাজ করা রাণী।’ এদিকে অমলা পল তার পারফরম্যান্সের স্টাইলের প্রশংসা করেন। রাম চাহে লীলা গানটি গেয়েছিলেন ভূমি ত্রিবেদী। এ আইকনিক গানের অংশ হতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেছেন।
প্রিয়াংকাকে অ্যামাজনের ‘হেডস অব স্টেট’ সিনেমায় সর্বশেষ দেখা গেছে। এতে তার সঙ্গে ছিলেন জন সিনা ও ইদ্রিস এলবা। ভারতে তার হাতে আছে রাজামৌলির সিনেমা। অভিনয় করবেন মহেশ বাবুর সঙ্গে।
সূত্র: বলিউড হাঙ্গামা










