ভারতীয় সিনেমার প্রথম নায়িকা কোনো নারী ছিলেন না। ছিলেন একজন পুরুষ! হন্যে হয়ে রাজা হরিশচন্দ্র সিনেমার নায়িকা খুঁজছেন দাদাসাহেব ফালকে। কিন্তু সে সময় কোনো নারীই সিনেমায় অভিনয় করতে রাজি হলেন না। বাধ্য হয়ে একজন পুরুষ অভিনেতাকে দিয়ে নারী চরিত্রে অভিনয় করিয়েছিলেন তিনি। ১৯১৩ সালে মুক্তি পায় প্রথম ভারতীয় নির্বাক সিনেমা ‘রাজা হরিশচন্দ্র’। সিনেমাটি নির্মাণ করতে গিয়ে অনেক সীমাবদ্ধতার মুখোমুখি হয়েছিলেন দাদাসাহেব। তার মধ্যে নায়িকার অভাব অন্যতম। এ ঘটনা থেকেই বোঝা যায়, ভারতীয় সিনেমায় একটি নতুন যুগের সূচনা করা নারীদের জন্য কতটা কঠিন ছিল। প্রতিকূল সে জমিনে দাঁড়িয়ে কয়েকজন নারী সমাজের প্রথা ভেঙে এগিয়ে না এলে ভারতীয় সিনেমা কোনোকালেই বিকশিত হতো না। প্রথা ভাঙার সাহস দেখানো তেমনই পাঁচজন নারীর খোঁজ নিয়েই এ লেখা।
প্রথম অভিনেত্রী: দুর্গা বাঈ কামাত (১৮৯৯-১৯৯৭)
মারাঠা বংশোদ্ভূত ব্রাহ্মণ পরিবারে জন্ম নেয়া এ নারী ভারতীয় সিনেমার প্রথম অভিনেত্রী। প্রথম নায়িকা। দাদাসাহেব ফালকের দ্বিতীয় সিনেমা ‘মোহিনী ভস্মসুর’ দিয়ে পর্দায় তার আবির্ভাব। পৌরাণিক কাহিনী নির্ভর এ সিনেমা ১৯১৩ সালে মুক্তি পেয়েছিল। মোহিনীতে অভিনয় করার পর আর থামতে হয়নি দুর্গা কামাত বাঈকে। টানা অভিনয় করেছেন অনেক সিনেমায়। তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘ডিপনেস’।
প্রথম নারী পরিচালক: ফাতিমা বেগম (১৮৯২-১৯৮৩)
ভারতীয় সিনেমার ইতিহাসে তিনি প্রথম নারী পরিচালক। মঞ্চে অভিনয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু। ‘ফাতিমা’ নামে তিনি একটি প্রযোজনা প্রতিষ্ঠানও খুলেছিলেন। তার নির্মিত প্রথম সিনেমার নাম ‘বুলবুল এ পারিস্তাঁ’। এটি ১৯২৬ সালে মুক্তি পেয়েছিল। এ সিনেমার প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার প্রত্যেকে ছিলেন নারী।
প্রথম নারী সংগীত পরিচালক: জদ্দন বাঈ (১৮৯২-১৯৪৯)
তিনি ছিলেন ভারতীয় সিনেমার প্রথম নারী সংগীত পরিচালক। তার সময়ে তিনি ছিলেন অন্যতম তারকা। মতিলাল নেহরুর মতো অনেক বিখ্যাত মানুষ তার গুণমুগ্ধ ছিলেন। কিংবদন্তি অভিনেত্রী নার্গিস দত্ত তার মেয়ে।
প্রথম নারী স্টান্ট: নাদিয়া (১৯০৮-১৯৯৬)
নারী হিসেবে ভারতীয় সিনেমায় প্রথম স্টান্ট তার করা। নাদিয়ার জন্ম অস্ট্রেলিয়ায়। সেখান থেকে ১৯১৩ সালে বাবার সঙ্গে মুম্বাইতে আসেন তিনি। তার প্রকৃaত নাম ম্যারি অ্যান ইভানস। তবে সে যুগের প্রথানুসারে, সিনেমার জন্য তাকে একটি নতুন নাম দেয়া হয়। রুপালি পর্দায় ‘ফিয়ারলেস নাদিয়া’ নামেই তিনি খ্যাতি লাভ করেন। তখন নারীরা সাধারণত কমনীয় ও লজ্জাবতী হিসেবে পর্দায় উপস্থিত হতেন। বিপরীত স্রোতে দাঁড়িয়ে নাদিয়া এসব প্রতিকূলতার বিরুদ্ধে পর্দায় যুদ্ধ করে যাচ্ছিলেন। নিজের স্টান্ট তিনি নিজেই করতেন। তাই ভারতীয় সিনেমার প্রথম ‘স্টান্ট-উইম্যান’ হিসেবে তিনি স্বীকৃতি পান।
প্রথম নারী ডিওপি: বিজয়লক্ষ্মী
ভারতীয় সিনেমার প্রথম নারী ডিওপি (ডিরেক্টর অব ফটোগ্রাফি)। এশিয়ার প্রথম নারী ডিওপিও তিনি। তিনি এমন এক সময়ে (১৯৮৫) ডিওপি হয়েছিলেন, যখন নারীরা নায়িকা ও গায়িকার বাইরে খুব কমই ভাবতে পারতেন।
সূত্র: ইন্ডিয়ান টাইমস










