সপ্তাহ পেরিয়েছে মার্ভেলের অ্যান্ট ম্যান কোয়ান্টাম্যানিয়া মুক্তির। সিনেমাটির শুরুটা ভালো হলেও এরপর বক্স অফিসে পিছিয়ে গেছে। অ্যান্ট ম্যানের পরিচিত হিউমারের অনুপস্থিতি, কোয়ান্টাম দুনিয়ার সঙ্গে যুক্ত হতে না পারা, ভিএফএক্স ও অন্যান্য কারণে সিনেমাটি দর্শকরা পছন্দ করতে পারেনি। তবে ক্যাংয়ের চরিত্রে জোনাথন মেজর্স ভালোই করেছেন। তাকে নিয়ে দর্শকদের আগ্রহ বেড়েছে বৈ কমেনি। আগেই বলা হয়েছে ক্যাং হতে যাচ্ছেন মার্ভেলের পরবর্তী পর্যায়ের প্রধান খলনায়ক। মার্ভেল তাকে থ্যানোসের চেয়ে ভিন্নভাবে তৈরি করেছে। থ্যানোসের দুর্দান্ত খলনায়ক হলেও সে ছিল সরলরৈখিক। ক্যাংয়ের থাকবে বৈচিত্র্য। নানা রূপে দেখা যাবে তাকে।

ক্যাং: দ্য ফারাও

ফ্যান্টাস্টিক ফোর ১৯-এ ক্যাং হাজির হয়েছিল প্রথমবার। তাকে রামতুত হিসেবে হাজির করা হয়। এই ক্যাং ছিল একজন টাইম ট্র্যাভেলার। এরপর তাকে ক্যাংয়ের সংস্করণ হিসেবে প্রকাশ করা হয়। এই ক্যাং একজন বিজেতা, ধ্বংসকারী হলেও সে অনেক ক্ষেত্রে শান্তিপ্রিয়। তাকে সিনেমায় দেখা যাবে কিনা এ নিয়ে এখনো নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স।

ক্যাং: দ্য কংকারার

ক্যাংয়ের এ চরিত্রের ডিজাইন করেছিলেন জ্যাক কিরবি ও স্ট্যান লি। অ্যাভেঞ্জার্স এইটে তাকে আনা হয়। কোয়ান্টাম্যানিয়ায় ক্যাংয়ের এ চরিত্রকেই রূপ দিচ্ছেন মেজর্স। অনেকটা থ্যানোসের মতোই সে ধ্বংসযজ্ঞ চালায়। নানা সময় সেখানে গিয়ে নিজের আধিপত্য বিস্তার করে। কোয়ান্টাম দুনিয়ার কারণেই সেটা সম্ভব হয়।

ক্যাং: দ্য কাউন্সিল মেম্বার

অ্যাভেঞ্জার্সের ১৬৭-২৬৯ ইস্যুতে ক্যাংয়ের আরেকটি রূপ প্রকাশ করা হয়। সময়ের মধ্যে ভ্রমণ করে ক্যাং একটি আলাদা কাউন্সিল তৈরি করেন। সেখানে তার নতুন রূপ দেখা যায়। বলা হয়ে থাকে এটি ক্যাংয়ের একটি মৌলিক রূপ। মার্ভেল কমিকে এ ধারার আর কোনো চরিত্র নেই।

ক্যাং: দ্য ইম্মর্টাল

ক্যাংয়ের শেষ দিকের একটি রূপ ক্যাং দ্য ইম্মর্টাল। এ চরিত্রে ক্যাং বহুদর্শী ও অভিজ্ঞ। এখানে সে একটি বিমূর্ত পৃথিবীর শাসক। এ চরিত্রে ক্যাং মাল্টিভার্সের নানা হুমকির বিরুদ্ধে কাজ করে মাল্টিভার্সকে বাঁচাতে চায়। চরিত্রটির লুকের মধ্যে ডক্টর স্ট্রেঞ্জের সঙ্গে ক্যাংয়ের মিল পাওয়া যায়। তাকে যে রূপে দেখে বা চিনে কমিকপ্রেমীরা অভ্যস্ত, ক্যাং এখানে পুরোপুরি তার বিপরীত।

ক্যাং: দ্য হিরো

খল থেকে ক্যাং আবার নায়কও হয়ে ওঠে। এ চরিত্রের মাধ্যমে তার অতীতের কাছ থেকে তাকে বদলানো হয়েছে। সে তার ছেলেবেলায় সহ্য করে আসা অন্যায়ের প্রতিবাদ করতে চায়। সে অতীতে ফিরে তার পুরনো দোষ ক্ষালন করতে চায়। সে নিজেকে একজন সুপারহিরো হিসেবে তৈরি করতে চায়। তার নাম হয় আয়রন ল্যাড। আয়রন ম্যানের সঙ্গে তার এ রূপের মিল আছে।

ক্যাংয়ের এ বিভিন্ন রূপ মার্ভেলের কমিকে পাওয়া যায়। তবে সিনেম্যাটিক ইউনিভার্সে যেভাবে ক্যাংকে তৈরি করা হচ্ছে তাতে তার বিবিধ রূপ দেখা যেতেই পারে। বিশেষত কাউন্সিল মেম্বারের একটি রূপ দেখা গেছে। এছাড়া ক্যাং ডাইন্যাস্টি নামে যে সিনেমা আসবে সেখানে ক্যাংয়ের বিভিন্ন চরিত্র নিয়ে কাজ করতেই পারে মার্ভেল। কমিক থেকে লাইভ অ্যাকশনে বহুরূপী ক্যাংকে দেখার অপেক্ষায় আছেন মার্ভেল ভক্তরা।


সূত্র: মার্ভেল