আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শিল্পী সালমা জাকিয়া বৃষ্টি ও জুবাইদা আরজু শোমার ‘তনুমধ্যা’
শীর্ষক যৌথ গহনা প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রদর্শনীটি উদ্বোধন করা হবে আজ বিকাল ৪টায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ডিজাইনার, গবেষক ও লেখক চন্দ্র শেখর শাহা ও উদ্যোক্তা সীমা হামিদ। ১৯ এপ্রিল পর্যন্ত চলবে এ প্রদর্শনী। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত আসতে পারবেন দর্শনার্থীরা।
গহনা সাজসজ্জার প্রধান একটি আকর্ষণ। পোশাক ও গহনা একে অন্যের পরিপূরক হলেও বিভিন্ন যুগে গহনা ব্যবহারের উদ্দেশ্য ও ধারাগুলো ভিন্ন। তাই এটি কোনো নির্দিষ্ট ধাতু ও নকশায় আবদ্ধ না থেকে বিভিন্ন রূপে এর আকর্ষণ বাড়িয়ে তুলেছে। প্রদর্শনীতে দুজন শিল্পীর গহনা তৈরির উদ্দেশ্যটি কিছুটা ভিন্ন। এতে অংশগ্রহণকারী শিল্পীরা চেষ্টা করেছেন বিভিন্ন সময়ের বাংলা সাহিত্যের কিছু অনবদ্য চরিত্রের সঙ্গে তাদের শিল্পকর্মের সমন্বয়ের। শুধু চরিত্র বা বিষয়বস্তু তুলে ধরা নয়, বিভিন্ন সাহিত্যের গহনা নিয়ে মনস্তাত্ত্বিক টানপড়েনের প্রভাবও রয়েছে এ গহনায়। আমাদের সাহিত্যে যেমন রয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত ‘গয়নার বাক্সে’
গল্পের রাসমনির নিজ গহনা ব্যবহার করতে না পারার অতৃপ্ত মনের চিত্র, তেমনি আবার রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘মণিহারা’য় রয়েছে মণিমালিকার নিজ গহনা রক্ষা করার জন্য গহনাসহ নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার দৃশ্য।
শুধু গল্পের কাহিনী মনে হলেও গহনার সঙ্গে মানুষের এ রকম আত্মিক সম্পর্কের কথা অনস্বীকার্য। বিভিন্ন গল্প-কবিতার মূল ভাব বা চরিত্রের আলোকে প্রায় ৭০টি শিল্পকর্ম নিয়ে এ দ্বৈত প্রদর্শনীর পরিকল্পনা করেছেন শিল্পী সালমা জাকিয়া বৃষ্টি ও জুবাইদা আরজু শোমা। তাদের তৈরি এ গহনাগুলোর মাধ্যমে আমাদের নতুনভাবে মনে করিয়ে দেবে বাংলা সাহিত্যের কালজয়ী কয়েকটি সৃষ্টির কথা।










