রায়হান রাফী পরিচালিত তাণ্ডব নানা কারণেই তাণ্ডব তুলেছিল দর্শকের মাঝে এবং প্রেক্ষাগৃহে। এ সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষিক্ত হয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। দীর্ঘদিন পর এক সিনেমায় কাজ করেছেন শাকিব খান–জয়া আহসান। এবার সে তাণ্ডব আসছে ওটিটিতে। চরকি ও হইচইয়ে আগস্টে স্ট্রিম হবে সিনেমাটি। উভয় প্লাটফর্মই বিষয়টি নিশ্চিত করেছে।
২৭ জুলাই দুপুরে ওটিটি প্লাটফর্ম চরকি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে তথ্যটি নিশ্চিত করেছে। জানানো হয়েছে, ‘দেশ-বিদেশে আবারো ঘনিয়ে আসছে তাণ্ডব। সিনেমা হলের পর, এই আগস্টে চরকিতে তাণ্ডব তুলতে আসছেন মেগাস্টার শাকিব খান।’
এছাড়া হইচইও তাদের ভেরিফাইড ফেসবুক পেজে তাণ্ডব স্ট্রিমিংয়ের বিষয়টি জানিয়েছে।
‘তাণ্ডব যেখানে যায়, ঝঞ্ঝা উঠে যায়’, ‘তাণ্ডব যেখানে যায়, তুফান তুলে যায়’—লাইনগুলো গানের হলেও বাস্তবিক অর্থে এমনটাই হয়েছে যেন। সিনেমা তাণ্ডব দেশ-বিদেশের প্রেক্ষাগৃহের যেখানেই প্রদর্শিত হয়েছে, সেখানেই যেন দর্শকের তুফান উঠেছে। এবার শুধু ঘরেই নয়, চরকি অ্যাপের মাধ্যমে যে যেখানে যেভাবে সিনেমাটি দেখতে চান, সেখানেই দেখে নিতে পারবেন।’
চরকিতে তাণ্ডব সিনেমাটি মুক্তি পাওয়া নিয়ে নির্মাতা রায়হান রাফী বলেন, ‘ওটিটিতে সিনেমা মুক্তির সুবিধা হলো পৃথিবীর যেকোনো জায়গার বাংলা ভাষাভাষী দর্শকই সিনেমাটি দেখতে পারেন। যারা সিনেমাটি দেখার সুযোগ পাননি, যেখানে সিনেমা হল নেই বা টিকিট না পেয়ে চলে গেছেন আর দেখতে আসেননি কিংবা দ্বিতীয় বা তৃতীয়বার দেখার ইচ্ছা ছিল, কিন্তু দেখা হয়নি, তাদের জন্য এটা একটা দারুণ খবর।’
আগস্টে চরকিতে সিনেমাটি আসছে জানিয়ে রাফী বলেন, ‘যে যেখানে আছেন, চরকিতে তাণ্ডব সিনেমাটি দেখার আমন্ত্রণ রইল। শিগগিরই সিনেমাটি মুক্তির তারিখ জানানো হবে। ওটিটিতেও এটি ভালো সাড়া পাবে আশা করছি।’
হইচইয়েও স্ট্রিম হবে সিনেমাটি। এ প্রসঙ্গে রাফী বলেন, ‘এইবার হইচই-এর মাধ্যমে পুরো পৃথিবী দেখতে পারবে আমাদের সিনেমা। প্রেক্ষাগৃহে দর্শকের যেমন ভালোবাসা-উচ্ছ্বাস পেয়েছি আশা করছি ওটিটির দর্শকের কাছ থেকে আরো বেশি ভালোবাসা পাব।’
সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু প্রমুখ।










