‘হেরে যাওয়ার গল্প’
শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। গানটির কথা লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী। গানটির সুর-সংগীত করেছেন একই বিভাগের সাবেক শিক্ষার্থী সুদীপ্ত শাহীন।
গত ৩০ জানুয়ারি রাতে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়। নতুন গানের বিষয়ে ফাহমিদা নবী বলেন, ‘গানটি যেদিন প্রথম শুনি, সেদিনই আমার ভালো লেগে যায়। গানটি মূলত প্রেম-বিরহের সমন্বয়ে লেখা। রেকর্ডিংয়ের আগ পর্যন্ত এটা আমাদের গান ছিল। আর এখন এটা সবার গান। আমি খুব আশাবাদী গানটি নিয়ে।’
গানের গীতিকার সাবরিনা সুলতানা চৌধুরী জানান, গানটি ‘অচিনপুর’
ইউটিউব চ্যানেলে শিগগিরই প্রকাশ পাবে।
এদিকে ফাহমিদা নবী সম্প্রতি বাপ্পা মজুমদারের সুর-সংগীতে কবির বুকলের লেখায় ‘চাইছি হতে’ নামের আরো একটি গানে কণ্ঠ দিয়েছেন।










