এসএস রাজামৌলির বাহুবলীর পর থেকে ধুয়া উঠেছিল তিনি মহাভারত বানাবেন। এ সিনেমার জন্য রাজামৌলির তুলনায় ভক্তদেরই যেন আগ্রহ ছিল বেশি। কে কোন চরিত্র করবেন তা নিয়ে নানা আর্ট সামাজিক যোগাযোগমাধ্যমে খুব আলোচিত হয়েছিল। সেখানে বেশির ভাগ ধারণায় কর্ণ চরিত্রটি দেয়া হয়েছিল অজয় দেবগনকে। মজার ব্যাপার, রাকেশ রোশনের করণ অর্জুন সিনেমায় করণ চরিত্রটি প্রথমে অজয় দেবগনেরই করার কথা ছিল। রাকেশ রোশন সম্প্রতি নিজেই এ কথা জানিয়েছেন।
রাকেশ রোশন পরিচালিত ১৯৯৫ সালের সিনেমা করণ-অর্জুন। মূলত মহাভারতের দুই চরিত্র কর্ণ ও অর্জুনের (যারা জানত না যে তারা ভাই) থিম নিয়ে ভিন্ন গল্পে সিনেমা নির্মাণ করেছিলেন তিনি। অর্জুন চরিত্রে ছিলেন শাহরুখ খান ও করণের চরিত্রে সালমান। সম্প্রতি ইন্ডিয়ান আইডল থার্টিনের সেটে রাকেশ জানালেন তার পরিকল্পনায় সিনেমাটিতে অভিনয় করার কথা ছিল অজয় দেবগনের।
রাকেশ রোশন বলেন, ‘করণ অর্জুনের গল্পে সালমান খানের চরিত্রটি অজয় দেবগনের করার কথা ছিল। আর তখন সিনেমাটির নাম ভেবেছিলাম কায়নাত। শাহরুখের সঙ্গে আমি অজয়কে ভেবেছিলাম সিনেমার জন্য। কিন্তু অন্য ব্যস্ততার কারণে অজয় অভিনয় করতে পারেনি।’
শাহরুখ ও সালমান খানকে সর্বশেষ দেখা গেছে শাহরুখ খান অভিনীত পাঠান সিনেমায়। তবে নব্বইয়ের দশকে তাদের বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে দেখা গেছে। এর মধ্যে করণ অর্জুন অন্যতম। তবে রাকেশ রোশনের এ সিনেমার জন্য অজয় দেবগনকে কাস্ট করার চিন্তার কারণ আছে। কিছুটা অ্যাকশন ঘরানার সিনেমা করণ অর্জুন। নব্বইয়ে অজয় দেবগন ছিলেন এ ধারার সিনেমায় অন্যতম প্রথম পছন্দ। রাকেশ রোশনকে নানা সময়েই তার সিনেমার পাত্র-পাত্রী বদলাতে হয়েছে। এমনকি ‘কাহো না... পেয়ার হ্যায়’ সিনেমার জন্য তার প্রথম পছন্দ ছিল কারিনা কাপুর। কিন্তু শেষ মুহূর্তে এ চরিত্রেও কাস্টিং বদলানো হয়েছিল।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া










