ভারতের অন্যতম সেরা ফটোগ্রাফার অবিনাশ গোয়ারিকর। বলিউডের সবচেয়ে সুন্দর পোর্ট্রেট ও সিনেমার পোস্টারগুলো তার করা। আমির খানের দঙ্গল সিনেমার পোস্টারও তিনিই করেছিলেন। সাম্প্রতিক এক আলাপচারিতায় তিনি জানান যে, পোস্টারটিতে বড় একটি ভুল আছে, যা কেউ বুঝতে পারেনি।

ভারতীয় রেসলার মহাবীর সিং ও তার মেয়েদের জীবনের কাহিনীকে ঘিরে এগিয়েছে সিনেমার গল্প। সিনেমার পোস্টারেও চার মেয়ের সঙ্গে আমির খানকে দেখা যায়। পোস্টারটি দুই ভাগে বিভক্ত। দুটি অংশে মেয়েদেরকে দুটি ভিন্ন বয়সে দেখানো হয়। সেখানেই ছিল ভুলটি।

মিডডের সঙ্গে এক সাক্ষাতকারে অবিনাশ বলেন, ‘দঙ্গলের পোস্টারটি খুবই স্পেশাল। আসলে আপনি যখন পোস্টারটির দিকে তাকাবেন, আপনি বুঝতে পারবেন না যে, এটি একটি ভুল পোস্টার। কারণ, আপনি আমির খানকে তার চার মেয়ের সঙ্গে দেখছেন। সেই একই গীতা ও ববিতা। ছোট ও বড়। তারা কখনোই একক কোনো ফ্রেমে ছিলেন না। কিন্তু ছবিটি এতটাই সম্পূর্ণ ছিল যে, কখনো কেউ পোস্টারটি নিয়ে প্রশ্ন করেনি।’ 



মূলত ছোট বয়সের গীতার সামনে ছিল বড় ববিতা ও ছোট বয়সের ববিতার সামনে বড় বয়সের গীতা। কথোপাকথনে আমির খানের প্রশংসা করে অবিনাশ গোয়ারিকর বলেন, ‘আমির মাঝখানে ছিলেন। তিনি তার চরিত্রটিকে ভালোভাবে ধারণ করেছিলেন। এটি অবিশ্বাস্য। সিনেমাটি ছিল রেসলিং ও অ্যাকশন নিয়ে। কিন্তু, আপনি যখন পোস্টারটি দেখবেন, সেখানে এর কোনো প্রতিফলন দেখবেন না।’

পোস্টারে কিছুটা অ্যাকশনের ছোঁয়া দিতে চেয়েছিলেন অবিনাশ। আমির খানকে এ প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন। আমির খান বলেছিলেন, ‘এটি মেয়েদের সঙ্গে এক বাবার সম্পর্কের গল্প। সিনেমার যে অংশে তারা ছোট, সেটি যেমন গুরুত্বপূর্ণ, তাদের প্রাপ্তবয়স্ক অংশটিও সমান গুরুত্বপূর্ণ।’ অবিনাশ আরো যোগ করেন, ‘তাই একই পোস্টারে দুই বয়সেরই প্রতিফলন ঘটেছে। কিন্তু বাবা একজনই।’ 

সূত্র:  দি ইন্ডিয়ান এক্সপ্রেস