দেশের চলচ্চিত্র সাংবাদিকদের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি’ (বাচসাস)। সংগঠনটি শুরু থেকেই চলচ্চিত্রের বিভিন্ন বিভাগে পুরস্কার দিয়ে আসছে। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ ও বাচসাস পুরস্কার জুরি বোর্ডের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে যৌথ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি রাজু আলীম। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রিমন মাহফুজ।
বাচসাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নানা জটিলতায় গত চার বছর বাচসাস পুরস্কার দেয়া সম্ভব না হলেও দুই মাস পর আগামী সেপ্টেম্বরে পুরস্কার প্রদান করা হবে। এ আয়োজনে ২০১৯-২২ পর্যন্ত চার বছরের বাচসাস চলচ্চিত্র পুরস্কার দেয়া হবে। চলচ্চিত্র বাছাইয়ের কার্যক্রম সম্পাদন ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার দেয়া হবে বলে জানান সাধারণ সম্পাদক রিমন মাহফুজ।
১৫ সদস্যের এ জুরি বোর্ডের চেয়ারম্যান হলেন সংগঠনের সাবেক সভাপতি বিশিষ্ট অভিনেতা ও সাংবাদিক নরেশ ভুঁইয়া, সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন অতীত রেওয়াজ অনুযায়ী সংগঠনের সাধারণ সম্পাদক রিমন মাহফুজ। অন্য সদস্যরা হলেন ইমরুল শাহেদ, রশিদুল আমিন হলি, খান মোহাম্মদ সালেক, কায়কোবাদ মিলন, মনিরুল ইসলাম, মীর লিয়াকত আলী, জাহিদ রহমান, সুমন পারভেজ, শামীমা চৌধুরী, সৌমিক হাসান সোহাগ, আব্দুল্লাহ জেয়াদ, দুলাল খান, এফআই দিপু, খালেদ আহমেদ, জাহিদ আকবর, সেলিনা শিউলি ও পদাধিকার বলে বাচসাস সভাপতি রাজু আলীম।
এ জুরি বোর্ড জমা পড়া সিনেমাগুলো দেখে চলচ্চিত্র, শিল্পী ও কলাকুশলীদের নাম পুরস্কারের জন্য সুপারিশ করবেন।
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাচসাস ১৯৬৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি কাজ করছে সাংবাদিক ও চলচ্চিত্র অভিনেতা-কলাকুশলীদের জন্য। ১৯৭৪ সাল থেকে সংগঠনটি শুরু করেছে বাচসাস পুরস্কার দেয়া।










