আবার ঢাকাই ছবিতে দেখা যাবে কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জিকে। এবার তার নায়ক বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। শাপলা মিডিয়ার প্রযোজনায় জখম সিনেমায় শ্রাবন্তীর অভিনয়ের কথা বণিক বার্তাকে নিশ্চিত করেছেন পরিচালক অপূর্ব রায়।
তবে জায়েদ খান রেখে দিলেন রহস্য। শ্রাবন্তীর সঙ্গে অভিনয় করছেন কিনা জানতে চাইলে বণিক বার্তাকে বলেন, ‘আমি এখনো জানি না। সকাল থেকে শুনছি। এখনো নিশ্চিত নই। পরিচালক বিষয়টা ভালো বলতে পারবেন। পরিচালক-প্রযোজক বোধহয় কলকাতায় গিয়েছিলেন। তারা কথা বলেছেন।’
পরিচালক কিংবা প্রযোজকের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সেলিম ভাই বলেছেন সারপ্রাইজ আছে। কী সারপ্রাইজ তা বলেননি।’
জখম সিনেমার পরিচালক অপূর্ব রায় বণিক বার্তাকে বলেন, ‘শ্রাবন্তীর সঙ্গে চূড়ান্ত কথা হয়েছে। জখমে কাজ করছেন তিনি। সিনেমার শুটিং শুরু হবে ১৫ অক্টোবর। ১৪ অক্টোবর ঢাকায় আসবেন শ্রাবন্তী। ঢাকায় শুটিং হবে। প্রথম দিন থেকেই তিনি সেটে থাকবেন।’
কথা ছিল ছবিটিতে জায়েদ খানের বিপরীতে অভিনয় করবেন অপু বিশ্বাস। কিন্তু ছবিটির প্রযোজক শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান গণমাধ্যমকে জানান, সিনেমাটিতে অপু থাকছেন না। সেলিম খান বলেন, ‘ব্যক্তিগত কারণ দেখিয়ে অপু জখম থেকে সরে দাঁড়িয়েছে। তাই নায়িকা হিসেবে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীকে দেখা যাবে জায়েদের বিপরীতে।’
সেলিম খান আরো বলেন, ‘শ্রাবন্তী খুবই ভালো একটা মেয়ে। জনপ্রিয় অভিনেত্রী। বাংলাদেশের সিনেমায় কাজের অভিজ্ঞতাও আছে। আমাদের হাউজেও সে কাজ করেছে। তাই তাকে চূড়ান্ত করেছি। আমার বিশ্বাস জায়েদের বিপরীতে তার অন্তর্ভুক্তিটাই চমত্কার হয়েছে। ছবিটি দুই বাংলার দর্শকেরই আগ্রহে থাকবে। শিগগিরই এ ছবির কাজ শুরু করব আমরা।’
পরিচালক অপূর্ব রায় বলেন, ‘পরিকল্পনা ছিল জায়েদ খান ও অপু বিশ্বাসকে নিয়ে ছবিটি বানাব। কিন্তু অপু সরে দাঁড়িয়েছেন। আমরা তো আর বসে থাকব না। কলকাতার শ্রাবন্তীকে নিয়েছি।’
শ্রাবন্তীর সঙ্গে কাজ নিয়ে জায়েদ খানের ভাবনা জানতে চাইলে বলেন, ‘একজন সিনিয়র কিংবা ভালো অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা যায়। যেমন আমি শাবনুরের সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি। এমন ভালো শিল্পীদের সঙ্গে কাজ করলে কাজের পরিধি বাড়ে। অনেক কিছু জানা যায়। সেই জায়গা থেকে চিন্তা করলে শ্রাবন্তীর সঙ্গে কাজটা হলে অবশ্যই আমার ভালো লাগবে।’
জায়েদ খান ব্যস্ত সোনার চর নামে একটা সিনেমার শুটিংয়ে। এরই মধ্যে এল জখমের খবর। জখমে জায়েদ খান, শ্রাবন্তী ছাড়াও অভিনয় করবেন কলকাতার আরেক জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত।
এ বিষয়ে জখমের পরিচালক বলেন, ‘আমরা এ ছবিতে নায়কের বোনের জন্যও বাংলাদেশের অনেক গুণী ও নামী অভিনেত্রীদের কাছে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলাম। তাদের সঙ্গে কথা বলে হতাশ হয়েছি। সবাই কেমন যেন কাজের চেয়ে নানা চাহিদাকেই প্রাধান্য দেন। অনেকে এখনো নায়িকা হতে চান। অথচ গল্প ও চরিত্র পছন্দ হওয়াতেই চরিত্রটি করতে রাজি হয়ে গেছেন কলকাতার নন্দিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আশা করছি মুগ্ধতা ছড়ানো একটি গল্পে ভালো সিনেমা উপহার দিতে পারব।’
সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জখম সিনেমার মহরত ঘোষণা হয়। এ সময় শাপলা মিডিয়ার সিনেবাজ অ্যাপেরও উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন ড্যানি সিডাক, পরিচালক সোহানুর রহমান সোহান, অভিনেতা জাহিদ হাসান, মিশা সওদাগর, জায়েদ খান, আনিসুর রহমান মিলন, শান্ত খান, দীঘিসহ অনেকে।










