পেহেলগাম হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ছিলই। এর প্রতিশোধ নিতে গত রাতে পাকিস্তানে বিমান হামলা করেছে ভারত। নয়াদিল্লি বলছে, কোনো সামরিক স্থাপনা নয়, বরং সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে আক্রমণ করা হয়েছে। এই হামলার কোডনেম ছিল ‘অপারেশন সিন্দুর’। বলিউডি একটা গন্ধ আছে এ নামের মধ্যে। হামলার পরপরই এ নিয়ে সরব হয়েছে ভারতের বহু অভিনেতা।

বুধবার (৭ মে) সকাল থেকেই অভিনেতারা অপারেশন সিন্দুর নিয়ে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন। অক্ষয় কুমার অপারেশন সিন্দুরের নাম শেয়ার করে লিখেছেন, ‘জয় হিন্দ। জয় মহাকাল।’ তেলেগু অভিনেতা চিরঞ্জীবীও তার এক্স হ্যান্ডলে ‘জয় হিন্দ’ লিখে অপারেশন সিন্দুরের পক্ষে অবস্থান নিয়েছেন। তালিকায় আছেন আল্লু অর্জুনও। তিনি লিখেছেন, ‘বিচার হবে।’ অনুপম খের লিখেছেন, ‘ভারত মাতার জয়।’

তালিকায় আরো আছেন কঙ্গনা রানাওয়াত, রিতেশ দেশমুখ, বিবেক অগ্নিহোত্রী ও রজনীকান্ত। অভিনেতা রজনীকান্ত বেশ সরব। তিনি লিখেছেন, ‘লড়াকুর লড়াই শুরু হয়েছে। লক্ষ্য অর্জন না হওয়া অবধি লড়াই চলবে। পুরো জাতিই আপনাদের সঙ্গে আছে।’

অভিনেতা হওয়ার পাশাপাশি পরেশ রাওয়াল ভারতীয় জনতা পার্টিরও সদস্য ছিলেন। তিনিও অপারেশন সিন্দুরের পক্ষে পোস্ট করেছেন। অভিনেত্রী নিমরত কওর লিখেছেন, ‘আমাদের সেনাবাহিনীর মিলিত শক্তি দিয়ে অবস্থান করব। একটি দেশ। একটি লক্ষ্য।’ এক্স হ্যান্ডলের পোস্টে তিনি নরেন্দ্র মোদিকে ট্যাগ করেছেন।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস