লাক্স সুপারস্টার শানারেই দেবী শানু। অভিনয়ের পাশাপাশি তিনি একজন সাহিত্যিকও বটে। বেশ কয়েক বছর ধরে তার লেখা উপন্যাস নিয়মিত বইমেলায় প্রকাশ হয়ে আসছে। নাটকে তিনি যে খুব নিয়মিত এমন নয়। তবে গল্প ও চরিত্র ভালো লাগলে অভিনয় করেন। অভিনয়ের প্রতি রয়েছে তার অদম্য প্রেম। তাই গল্প আর চরিত্র ভালো হওয়াই জরুরি তার কাছে। গড়পড়তা কোনো কাজ করতে আগ্রহী নন এ লাক্স সুপারস্টার। সে ধারাবাহিকতায়ই নতুন একটি নাটকে যুক্ত হচ্ছেন তিনি। দীপ্ত টিভির ধারাবাহিক ‘জবা’য় অভিনয় করছেন শানু।
দীপ্ত টিভিতে নিয়মিত প্রচার হচ্ছে ‘জবা’। আহমেদ খান হীরকের মূল ভাবনায়, নাসিমুল হাসানের গল্প ও চিত্রনাট্যে, সরোয়ার সৈকতের সংলাপে নাটকটি আশীষ রায় পরিচালিত। এ নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শানু। এরই মধ্যে তার অভিনীত চরিত্রটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। শানুর গেটআপ, অভিনয় দর্শককে বেশ মুগ্ধ করেছে। তিনি বলেন, ‘দীপ্ত টিভির ধারাবাহিক যে এত দর্শক উপভোগ করেন, তা জবা ধারাবাহিকে অভিনয়ের মধ্য দিয়ে নতুন করে জানা হলো। ধারাবাহিকটিতে আমি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। এর ১৪৭তম পর্বের একটি অংশ চ্যানেলটির পেজেও শেয়ার করা আছে। সেটি নিয়ে দর্শকের আগ্রহ দেখা যাচ্ছে। আমিও ভীষণ সাড়া পাচ্ছি।’
শানু অভিনীত প্রতিটি কাজই দর্শক গ্রহণ করেছে। স্বাভাবিকভাবেই জবায় তার অভিনয়ও পছন্দ করছে তারা। দীপ্তর পেজ দেখলেই সেটা বোঝা যায়। এজন্য দর্শকদের ধন্যবাদ দিয়ে শানু বলেন, ‘দর্শকের প্রতি অসীম ভালোবাসা রইল যে তারা আমার অভিনীত নাটক এখনো মন দিয়ে দেখেন ও আমাকে জানান যে তারা আমার অভিনয় উপভোগ করেন।’ জবায় শানুর যাত্রা নিয়েও তিনি খুশি। এ নিয়ে অভিনেত্রী বলেন, ‘আর জবা টিমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা রইল। আমি সবসময়ই ভালো গল্পের নাটকে অভিনয় করার চেষ্টা করি। জবা তার অনন্য উদাহরণ।’
কেবল শানুর অভিনয়ই নয়, তার লেখা বই নিয়েও তার ভক্তদের আগ্রহ ও সাড়া আছে। গত বইমেলায় শানুর লেখা একটি কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে। কাব্যগ্রন্থটি হলো ‘ভালোবাসার এপার ওপার’। এছাড়া তার সাড়া জাগানো উপন্যাস ‘লিপস্টিক’ প্রকাশ হয়েছে নতুন করে। শানু অভিনীত একমাত্র সিনেমা হচ্ছে খিজির হায়াত খান পরিচালিত ‘মিস্টার বাংলাদেশ’। আর এরই মধ্যে শানু আরো দুটি নতুন ধারাবাহিকের কাজ শেষ করেছেন। একটি সোহেল হাসানের ‘রঙ্গের মানুষ ঢঙ্গের মানুষ’ ও অন্যটি অভ্র মাহমুদের ‘অল ইন ওয়ান’।










