মার্চের শুরুর দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হার্ট-অ্যাটাকের খবর দিয়েছিলেন সুস্মিতা সেন। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ছিলেন তার ভক্তরা। সুস্থ হওয়ার কয়েকদিনের মধ্যেই আবার গণমাধ্যমের শিরোনাম হলেন তিনি। পরিণত হলেন ভক্তদের আলোচনার কেন্দ্রে। তবে এবারের বিষয়টি আনন্দের। সুস্থ হতে না হতেই র্যাম্পে হেঁটেছেন সুস্মিতা।
চলমান ল্যাকমে ফ্যাশন উইকে গতকাল র্যাম্প ওয়াক করলেন সুস্মিতা সেন। প্রতিবার যখন তিনি ক্যামেরার সামনে দাঁড়াচ্ছিলেন, সাবেক মিস ইউনিভার্সের ভক্তরা করতালি ও উচ্ছ্বসিত চিৎকারে ফেটে পড়ছিলেন। তার সাহসিকতার প্রশংসা করে ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর কাজে প্রত্যাবর্তন ... চালিয়ে যাও।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘তার মাধুর্য ও সৌন্দর্য অতুলনীয়। কাজের প্রতি তার আগ্রহকে এক ভক্ত স্যালুট জানিয়েছেন। আরেকজন লিখেছেন, ‘আপনি অনেক উদ্যমী ও ইতিবাচক। আপনার জন্য শুভকামনা।’
সুস্মিতার র্যাম্পে হাঁটার ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার হয়েছে। সেখানে দেখা যায়, সুস্মিতা সেন একটি হলুদ লেহেঙ্গা পরে র্যাম্পে হেঁটেছেন। শেষে হাতে একটি ফুলের তোড়া নিয়ে তিনি হাজির হন। র্যাম্পে তার পরা পোশাকের ডিজাইনার অনুশ্রী রেড্ডি।
সুস্মিতা সেন তার হার্ট অ্যাটাকের বিস্তারিত জানিয়েছিলেন ভক্তদের উদ্দেশ্যে। এ নিয়ে ইনস্টাগ্রামে দীর্ঘ একটি লাইভ সেশন করেছিলেন তিনি। সে সেশনে তিনি ডাক্তার ও এক্ষেত্রে তারা যাকে সহায়তা করেছেন, তাদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছিলেন, ‘আমি খুবই ভাগ্যবান। এটি আমাকে ভীত করেনি। বরং আমি এখন নতুন কিছু করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’ তার হার্ট অ্যাটাকের কথা শেয়ার করে বলেছিলেন, ‘দুই দিন আগে আমার হার্ট-অ্যাটাক হয়েছিল। ... এনজিওপ্লাস্টি করা হয়েছে। ... রক্তনালি বসানো হয়েছে ... আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমার কার্ডিওলজিস্ট আবার নিশ্চিত করেছেন, আমার বড় একটি হৃদয় আছে। অনেক মানুষকে তাদের সময়োপযোগী সহায়তা ও গঠনমূলক পদক্ষেপের জন্য ধন্যবাদ দেয়া বাকি আছে ...আরেকটি পোস্টের মাধ্যমে তা করব! এ পোস্ট কেবল তোমাদের (আমার শুভাকাঙ্ক্ষী ও ভালোবাসার মানুষের) সুসংবাদটি সম্পর্কে অবহিত করার জন্য ...যে সব ঠিক আছে এবং আমি নতুন করে বাঁচার জন্য প্রস্তুত।’
সুস্মিতা সেন নব্বইয়ের দশকের যুবকদের হৃদয়ে আলোড়ন তোলা নায়িকা। কিন্তু একালেও তার প্রভাব কম নয়। ওটিটির দুনিয়ায়ও তিনি সমানতালে নিজেকে প্রাসঙ্গিক রেখেছেন। তার অভিনীত ওয়েব সিরিজ আর্যা দারুণ প্রশংসা পেয়েছে। সিরিজটির পরবর্তী পর্বের কাজ চলছে। এছাড়া তার হাতে আরো একটি টেলিভিশন সিরিজ রয়েছে। সুস্মিতার অসুস্থতার খবরে মনে হয়েছিল, নতুন কাজগুলো হয়তো বন্ধ হয়ে যাবে। তবে তিনি র্যাম্পে হেঁটে বোঝালেন দর্শকদের বেশি দিন অপেক্ষা করতে হবে না।
সূত্র ও ছবি: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










