দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নাটক ও সিনেমার পাশাপাশি ওয়েব মাধ্যমেও পরিচিত মুখ তিনি। দেশের সীমানা ছাড়িয়ে টালিউডেও অভিনয় করেছেন তিনি, তাও আবার গ্যাংস্টার অবতারে। গ্যাংস্টার ড্রামা নির্মাণ করছেন ব্রাত্য বসু। হুগলির দাউদ ইব্রাহিম খ্যাত শ্যামলকে নিয়ে নির্মাণ করছেন সিনেমা। হুব্বা শ্যামলকে নিয়ে নির্মিত এ সিনেমার নামও হুব্বা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম।

এবারে এল সিনেমার ফার্স্টলুক। এরই মধ্য ফার্স্টলুক শেয়ার করেছেন নির্মাতা-প্রযোজকরা। মোশাররফ করিম তার ফেসবুক অ্যাকাউন্টেও শেয়ার করেছেন সিনেমায় তার প্রথম ঝলক। ফার্স্টলুকে দেখা গেল, গলায় গাঁদা ফুলের মালা জড়িয়ে হাসছে হুব্বা, হাতে রয়েছে পিস্তল। তার দুপাশে আটজন সহকারী একই ভঙ্গিমায় তাকিয়ে। গ্যাংস্টারের হুব্বা শ্যামলের চরিত্রে একেবারে মানিয়ে গিয়েছেন এ অভিনেতা। নব্বই দশকের শেষ দিকে যার আধিপত্য ছিল হুগলিজুড়ে। তাকে বলা হতো ‘হুগলির দাউদ ইব্রাহিম’। খুন, মারামারি, মাদক পাচার ইত্যাদি বহু অপরাধে জড়িত ছিল হুব্বা। অসংখ্য মামলা ছিল তার নামে। সেসব কাটিয়ে নির্বাচনেও দাঁড়িয়েছিল হুব্বা। নানা নাটকীয়তায় ভরা তার জীবনের সমাপ্তি ঘটে ২০১১ সালে, বৈদ্যবাটির খালে পাওয়া যায় তার মরদেহ।

ভারতীয় সংবাদমাধ্যমে নির্মাতা ব্রাত্য বসু বললেন, ‘‌থ্রিলার ও কমেডির মিশেলে তৈরি করা হয়েছে এ ছবি। হুব্বা শ্যামল ‘‘‌হুগলির দাউদ ইব্রাহিম’’ নামে পরিচিত ছিলেন। এ ছবির মাধ্যমে আমি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং অপরাধ জগতের চিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’

এতে মোশাররফ করিমের সঙ্গে দেখা যাবে পৌলমী বসুসহ কলকাতার নাট্যজগতের আরো কয়েকজন অভিনেতাকে।

ব্রাত্য বসুর নির্দেশনায় মোশাররফ করিম এই প্রথম অভিনয় করছেন না। এর আগে ‘‌ডিকশনারি’তে একসঙ্গে কাজ করেছেন তারা। সিনেমাটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে প্রশংসিত হয়েছিল।