বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা বেশ কয়েক মাস কাজ থেকে বিরতি নিয়েছিলেন। সর্বশেষ তিনি অভিনয় করেছেন কাজল আরেফিন অমির ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’-এ। এতে অভিনয় করে দর্শকের ভালোবাসায় আবারো সিক্ত হয়েছেন পূর্ণিমা। তবে এরপর আর নতুন কোনো কাজে দেখা যায়নি তাকে। গত কয়েক মাস নিজের মতো করেই সময় কাটিয়েছেন তিনি। এখন চলতি মাসের মাঝামাঝিতে পূর্ণিমা আবারো অভিনয়ে ফিরছেন। তবে সেটি নাটক বা সিনেমা নয় বরং ওভিসিতে।
কাজের বিষয় এবং নতুন কাজ কবে আসতে যাচ্ছে জানতে চাইলে পূর্ণিমা বলেন, ‘হোটেল রিল্যাক্স করার পর বেশকিছু স্ক্রিপ্ট হাতে এসেছিল। কিন্তু সত্যি বলতে কী, প্রচণ্ড গরমে কাজ করার ইচ্ছা ছিল না আমার। তাই কিছুদিন পরিবার নিয়েই ব্যস্ত ছিলাম। পরিবারের সঙ্গেই সময় কাটিয়েছি নিজের মতো করে। এর মধ্যে প্রসাধনী প্রতিষ্ঠানের সঙ্গে দেড় বছরের চুক্তিও শেষ। তারা আবার দুই বছরের জন্য নতুন করে আমাকে চুক্তিবদ্ধ করলেন। এ মাসের ঠিক মাঝামাঝি সময় এ প্রতিষ্ঠানের ওভিসিতে শুটিংয়ে অংশ নেব। এরপর আসলে ভেবে দেখব যে ভালো স্ক্রিপ্ট পেলে নতুন সিনেমা, নতুন নাটক কিংবা নতুন ওয়েব সিরিজে কাজ করা যায় কিনা। ভালো গল্প পেলে অবশ্যই কাজ করব।’
হোটেল রিল্যাক্স দিয়ে ওয়েব মাধ্যমে যাত্রা করেন পূর্ণিমা। ঈদে সিরিজটি মুক্তি পেলে দর্শক মহলে প্রশংসা পান তিনি। এতে তাকে দেখা যায় পুলিশ চরিত্রে। ওয়েব সিরিজে অভিনয়ের বিষয়ে পূর্ণিমা এর আগে বলেছিলেন, ‘আমি প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করলাম। আমার মনে হয়েছে, এটি অন্য আট-দশটি গল্পের চেয়ে একটু আলাদা। সবকিছু দেখে-শুনেই এতে যুক্ত হই। আমার চরিত্রটিও ভিন্ন। সব মিলিয়ে প্রত্যাশা ছিল সিরিজটিতে আমার চরিত্রটি সবার ভালো লাগবে। দর্শক ভালোবাসা দিয়েছেন।’
অন্যদিকে নতুন সিনেমায় নাম না লেখালেও মুক্তির অপেক্ষায় আছে পূর্ণিমা অভিনীত একাধিক সিনেমা। পূর্ণিমা এরই মধ্যে শেষ করেছেন ছটকু আহমেদের পরিচালনায় ‘আহারে জীবন’ সিনেমার শুটিং। এতে তার বিপরীতে রয়েছেন ফেরদৌস। এছাড়া শেষ হয়ে আছে তার নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ সিনেমার কাজ।
জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে রিয়াজের বিপরীতে নায়িকা হিসেবে পূর্ণিমার অভিষেক হয়। সেই থেকে আজ পর্যন্ত তিনি ব্যবসাসফল মুক্তিপ্রাপ্ত ৮০টি সিনেমায় অভিনয় করেছেন।










