ভারতীয় সিনেমার জন্য নিঃসন্দেহে বড় একটি অর্জন। আন্তর্জাতিক স্বীকৃতি। যদিও বৈশ্বিক পরিমণ্ডলে অনেক দিন ধরেই প্রশংসায় প্লাবিত হচ্ছেন এসএস রাজামৌলি ও তার দল। আলোচনার কেন্দ্রে আছে আরআরআর সিনেমার ‘নাটু নাটু’ গান। এর আগে সেরা মৌলিক গান বিভাগে গোল্ডেন গ্লোব ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস জিতে গানটি অস্কার প্রতিযোগিতার দৌড়ে অনেকখানি এগিয়ে ছিল। পুরস্কার জেতাটা ছিল কেবল সময়ের অপেক্ষা। অবশেষে প্রতীক্ষার অবসান হলো। রোববার রাতে আনুষ্ঠানিকভাবে সেরা মৌলিক গান হিসেবে অস্কার জয়ীর তকমা জুটল নাটু নাটুর ভাগ্যে। টপ গান ম্যাভেরিকের হোল্ড মাই হ্যান্ড, ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফরএভার সিনেমার লিফট মি আপের মতো গানগুলোকে পেছনে ফেলেছে নাটু নাটু।
৯৫তম অস্কার আসরে পুরস্কার জেতা নাটু নাটু গানের সংগীতায়োজন করেছেন এমএম কিরাবানি। গানের কথা লিখেছেন সুভাষ চন্দ্রবোস। গত মার্চে মুক্তি পাওয়ার পর থেকে রাহুল সিপলিগঞ্জ ও কাল ভৈরবের কণ্ঠে এ গান দ্রুত ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ওটিটিতে এসএস রাজামৌলির এ সিনেমা মুক্তি পাওয়ার পর বৈশ্বিক দর্শকদের কাছে তা বিপুল প্রশংসা ও ভালোবাসা পায়। পুরস্কার জয়ের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কিরাবানি, রাজামৌলি ও ভারতীয়দের সম্মানে স্বরচিত একটি গান গেয়ে শোনান। অস্কার মঞ্চে নাটু নাটু গানটি গেয়ে শোনান রাহুল সিপলিগঞ্জ ও কাল ভৈরব। দর্শকরা দাঁড়িয়ে করতালি দেয়ার মাধ্যমে তাদের স্বাগত জানায়।
নাটু নাটুর কোরিওগ্রাফি করেছেন প্রেম রক্ষিত। ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে এক আলাপচারিতায় প্রেম জানিয়েছিলেন, এ গানের জন্য তিনি ১১৮টিরও বেশি নাচের মুদ্রা তৈরি করেছিলেন। তিনি পরিচালক রাজামৌলিকে কৃতিত্ব দিয়ে বলেন, ‘আমি ১০০টিরও বেশি গানের কোরিওগ্রাফি করেছি। কিন্তু ওই গানগুলো অস্কারে যায়নি। আরআরআর সিনেমার জন্য নাটু নাটু গানটি অস্কারে গেল। অন্যথায়, আমি সেখানে যাওয়ার কথা কল্পনাও করতে পারি না। এর কারণ হলো, রাজামৌলি স্যার আরআরআরকে এত চমৎকারভাবে উপস্থাপন করেছেন যে প্রত্যেকে সিনেমাটি উপভোগ করেছে। আমি তার প্রতি কৃতজ্ঞ। এটি তার স্বপ্ন ও কঠোর পরিশ্রমের কারণেই সম্ভব হয়েছে।’
ভ্যানিটি ফেয়ারের সঙ্গে সাম্প্রতিক এক আলাপচারিতায় প্রেম রক্ষিত প্রসঙ্গে রাজামৌলি বলেন, ‘তার কাজটি বেশ কঠিন ছিল। আমি তাকে বলেছিলাম যে গানটি আকর্ষণীয় হতে হবে। নাচের মুদ্রাগুলো বেশি কঠিন হওয়া যাবে না। যেন সাধারণ মানুষও সেগুলো সহজে অনুকরণ করতে পারে। আপনারা বিশ্বাস করবেন না, প্রেম নাটু নাটুর জন্য ১০০টিরও বেশি বৈচিত্র্যপূর্ণ মুদ্রা নিয়ে হাজির হয়েছিল। সুতরাং কৃতিত্বটা তারই প্রাপ্য।’
আরেকটি বড় অর্জন গিয়েছে ভারতের ঝুলিতে। অস্কারের সেরা ডকুমেন্টারি (স্বল্পদৈর্ঘ্য) বিভাগে পুরস্কার জিতেছে কার্তিকি গনজালভেসের দি এলিফ্যান্ট হুইসপারস। এখানেও রচিত হয়েছে ইতিহাস। এ ক্যাটাগরিতে প্রথম ভারতীয় পরিচালক হিসেবে পুরস্কার জিতেছেন গনজালভেস। এ বিভাগে পুরস্কার জয়ী প্রথম ভারতীয়ও তিনি। তবে প্রতিযোগিতার দৌড়ে থাকলেও শেষ পর্যন্ত পুরস্কার জিততে পারেনি সৌনক সেনের ডকুমেন্টারি ফিচার ফিল্ম অল দ্যাট ব্রেথস।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










