ওরা ৭ জন একটি মুক্তিযুদ্ধের গল্প। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে বিশাল ক্যানভাসে সিনেমাটি নির্মাণ করছেন গুণী পরিচালক খিজির হায়াত খান।
আমাদের স্বাধীনতা সংগ্রামে ৫ নম্বর সেক্টরে ছিল সিলেটের তামাবিল, লালখান ও দুর্গাপুর। আর এই এলাকারই সীমান্তবর্তী অঞ্চলে পাহাড়ের সীমানায় শেষ হলো ওরা ৭ জনের টানা শুটিং। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার পরিচিত মুখ আজম খান। বাবা আর মেয়ের আত্মত্যাগের একটি মর্মস্পর্শী গল্পে দেখা যাবে তাকে। জানা যায়, সতজন মুক্তিযোদ্ধার বীরত্বগাথা নিয়ে নির্মিত চলচ্চিত্রটির নাম ওরা ৭ জন। কাকতালীয়ভাবে অভিনেতা আজম খানেরও এটা সপ্তম চলচ্চিত্র।
২০১৫ সালে আজম খান প্রথম অভিনয় করেন একটি টেলিফিল্মে। এরপর ২০১৮ সালে প্রথমবারের মতো দেখা যায় বড় পর্দায়। চলচ্চিত্রের নাম সাপলুডু। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত চারটি চলচ্চিত্র। সোয়াইবুর রহমান রাসেলের নন্দিনী, রায়হান রাফির দামাল, প্রয়াত কবরী সারোয়ারের এই তুমি সেই তুমি এবং বন্ধন বিশ্বাসের ছায়াবৃক্ষ।
শখের বশে অভিনয়ে নাম লেখানো আজম খান এখন নিয়মিত কাজ করছেন নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র আর বিজ্ঞাপনে।










