আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে আজ শুরু হচ্ছে গহনা পদর্শনী। ‘তেরে দেস হোমস’-এর উদ্যোগে ‘সুতোয় বুনি স্বপ্ন, আনন্দে গাঁথি মালা’ শীর্ষক গহনা প্রদর্শনীর উদ্বোধন আজ বিকাল ৪টায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
তেরে দেস হোমস হলো সুইজারল্যান্ডভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থা, যারা শিশুদের পক্ষে কাজ করে। সারা বিশ্বে তারা মা ও শিশুর স্বাস্থ্য, অভিবাসন এবং শিশুদের জন্য ন্যায়বিচারের প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শিশু অধিকার নিয়ে সোচ্চার তেরে দেস হোমসের অন্যতম প্রকল্প হলো ‘চাইল্ড লেবার: অ্যাকশন রিসার্চ ইনোভেশন ইন সাউথ অ্যান্ড সাউথ ইস্টার্ন এশিয়া-ক্লারিসা’, যা মূলত পার্টিসিপেটরি অ্যাকশন রিসার্চ বা গণ-গবেষণা পদ্ধতির মাধ্যমে ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে জড়িত শিশুদের নিয়ে কাজ করে। এ প্রকল্পের আওতায় বৃহত্তর হাজারীবাগ এলাকার সুবিধাবঞ্চিত শ্রমজীবী শিশুদের নিয়ে গণ-গবেষণার একটি দল গঠন করা হয়েছে, যারা তাদের এলাকায় শিশুশ্রমে যুক্ত হওয়ার কারণ, ফলাফল ও সমস্যা থেকে উত্তরণের উপায় বিশ্লেষণের মাধ্যমে সম্ভাব্য করণীয় পদক্ষেপ নিয়ে কাজ করছে। শিশুদের অভিজ্ঞতার আলোকে প্রাপ্ত প্রামাণিক তথ্য ও উপাত্তগুলো নির্দেশ করে যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে সবচেয়ে বড় প্রভাবক হিসেবে কাজ করবে শিশুদের জন্য নিরাপদ ও কম ঝুঁকিপূর্ণ বিকল্প অর্থ উপার্জনের সুযোগ। শিশুদের আলোচনার মাধ্যমেই বিকল্প উপার্জনের উপায় ও উদ্যোক্তা হওয়ার প্রয়াসে গহনা বানানো শেখা এবং তৈরিকৃত গহনা প্রদর্শনীর ধারণা আসে। এ ধারণা বাস্তবায়নে ক্লারিসার অ্যাকশন রিসার্চ দলের পরিকল্পনায়, ‘শৈলী’র কারিগরি সহযোগিতায় তেরে দেস হোমস ফাউন্ডেশন আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় ‘সুতোয় বুনি স্বপ্ন, আনন্দে গাঁথি মালা’ শীর্ষক একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন হতে যাচ্ছে। যেখানে শিশুদের তৈরি গহনা প্রদর্শন করা হবে। এ প্রদর্শনীর মূল উদ্দেশ্য হলো ঝুঁকিপূর্ণ ও শোষণমূলক কাজের বিপরীতে বিকল্প কাজের ব্যবস্থা সৃষ্টিতে সবার দৃষ্টি আকর্ষণ করা, যাতে শিশুদের জন্য নিরাপদ পরিবেশে কম ঝুঁকিপূর্ণ কাজের সম্ভাবনার ক্ষেত্র তৈরি হয়।
৭ আগস্ট পর্যন্ত প্রদর্শনীটি চলবে প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। এটি সবার জন্য উন্মুক্ত।










