মিশুক মনি নির্মিত সিনেমা দেয়ালের দেশ। সিনেমাটির কেন্দ্রীয় দুই চরিত্র শবনম বুবলী এবং শরিফুল রাজের অভিনয়ের তুমুল প্রশংসা করেন দর্শকরা। আর মিশুক মনি প্রথম সিনেমাতেই নিজের মুন্সিয়ানায় দর্শকদের কাছে তিনি করে নিয়েছেন আলাদা অবস্থান। প্রশংসিত সিনেমাটি এবার মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। ১৬ জুলাই রাত ১২টা ১মিনিট (১৭ জুলাই) থেকে প্ল্যাটফর্মে সিনেমাটি দেখতে পারবেন দর্শকরা। এতে করে দেশ–বিদেশের সিনেমাপ্রেমীরা খুব সহজেই দেখে নিতে পারবেন সিনেমাটি।
মিস্ট্রি, রোমান্স ঘরানার সিনেমা ’দেয়ালের দেশ’। সিনেমায় নহর চরিত্রে বুবলী এবং বৈশাখ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। তাদের অন্যরকম এক প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। এ প্রেম সত্যি অন্যরকম, সিনেমায় যার শুরু হাসপাতালের মর্গ থেকে। সিনেমার বিভিন্ন চরিত্রে আছেন শাহাদাত হোসেন, জিনাত সানু স্বাগতা, আজিজুল হাকিম, সাবেরী আলম, শমপ্তি মাশুক, এ কে আজাদ সেতু, দীপক সুমন।
চরকিতে ’দেয়ালের দেশ’ মুক্তি নিয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় মিশুক মনি বলেন, ‘আমার মনে হয়েছে ’‘দেয়ালের দেশ’’ সিনেমাটির দর্শক আর চরকির দর্শকের মিল রয়েছে। সিনেমা রিলিজের পর থেকেই রোজদিন বিভিন্ন মাধ্যমে বহু মানুষ “দেয়ালের দেশ” দেখার আগ্রহ জানিয়েছে। খানিকটা দেরিতে ওটিটিতে মুক্তি পাচ্ছে তবুও এটা ভেবে ভালো লাগছে যে, আরও বড় পরিসের সিনেমাটি ছড়িয়ে যাবে। দেশে–বিদেশের দর্শকরা এখন সজেই সিনেমাটি দেখতে পারবেন।’
২০২৪ সালের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ’দেয়ালের দেশ’। সেসময় সিনেমাটির গল্প, অভিনয়, গান, ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা করেন দর্শক–সমালোচকেরা। ২০২১ সালে সিনেমাটি পায় সরকারি অনুদান। ’দেয়ালের দেশ’ সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা মিশুক মনি।










