বিশ্বব্যাপী খুবই আলোচিত ও বিপুল জনপ্রিয় চলচ্চিত্র ‘স্পাইডার ম্যান’। এ সিনেমার অভিনেতা মার্কিন তারকা জ্যাক বেটস মারা গেছেন। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। এ অভিনেতার মৃত্যুতে শোক নেমে এসেছে ইউরোপ-আমেরিকার চলচ্চিত্রজগতে।

শিশু-কিশোরদের কাছে জনপ্রিয় মুখ ছিলেন অভিনেতা জ্যাক বেটস। ২০০২ সালে সাম রাইমি পরিচালিত ছবি স্পাইডার ম্যান সারা পৃথিবীতে ব্যাপক জনপ্রিয়তা পায়। ছবিতে সবচেয়ে আলোচিত ও আকর্ষণ তৈরি করে পিটার পার্কারের স্পাইডার ম্যান চরিত্র। এর সঙ্গে জ্যাক বেটসের করা হেনরি বলকান চরিত্রটিও জনপ্রিয়তা পায়। এ ঘটনার ২৩ বছর পরও চলচ্চিত্রপ্রেমী শিশু-কিশোর, এমনকি বড়রাও ভোলেননি ‘স্পাইডার ম্যান’ ও ‘হেনরি বলকান’ চরিত্রকে। আর মাত্র চার বছর পেরোলেই জ্যাক বেটস তার জন্মশতবর্ষ পালন করতেন। কিন্তু সে সুযোগ আর হলো না।

উল্লেখ্য, বেটস ১৯২৯ সালে ১১ এপ্রিল জন্মগ্রহণ করেন। বেড়ে ওঠেন নিউ জার্সির জার্সি সিটিতে। ১০ বছর বয়সে পরিবারের সঙ্গে ফ্লোরিডার মিয়ামিতে চলে আসেন। তিনি মিয়ামি সিনিয়র হাইস্কুল থেকে স্নাতক ও মিয়ামি বিশ্ববিদ্যালয়ে নাটকে পড়াশোনা করেন। বেটস ১৯৫৩ সালে ‘রিচার্ড ৩’-এর মাধ্যমে অভিনয়জগতে প্রবেশ করেন। তিনি সিভিএস রহস্য সিরিজ ‘চেকমেট’ (১৯৬০-১৯৬২)-এ ক্রিস ডেভলিনের চরিত্রে কাজ করেন। বেটস বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায় ‘জেনারেল হসপিটাল’, ‘অল মাই চিলড্রেন’, ‘গাইডিং লাইট’ ও ‘দ্য ইয়ং অ্যান্ড দ্য রেস্টলেস’-এর মতো অসংখ্য ধারাবাহিক ও নাটকে অভিনয় করেন এবং পরিচিতি লাভ করেন।

সূত্র ও ছবি: ভ্যারাইটি