পুরস্কার মৌসুমে দর্শকের নজর থাকে এমির দিকে। গতকাল হয়ে গেল এমির ৭৭তম আসর। প্রতি বছরই কোনো কোনো কনটেন্ট আগে থেকেই আলোচনায় থাকে এবং পুরস্কার পায়। আবার কোনোটি আলোচনায় থেকেও পুরস্কৃত হয় না। আবার কোনোটি একসঙ্গে অনেক পুরস্কার পায়। সে রকম কিছু ঘটনা ছিল এ বছরও। তবে বাজিমাত করেছে ‘দ্য স্টুডিও’। মোট ১৩টি বিভাগে পুরস্কার পেয়েছে কমেডি সিরিজটি।
অ্যাপল টিভি প্লাসের হলিউড স্যাটায়ার দ্য স্টুডিও দর্শক মাতিয়েছে। প্রাইমটাইম ও ক্রিয়েটিভ আর্টস এমিসহ মোট ১৩টি পুরস্কার জিতেছে সিরিজটি। এর মধ্যে সেরা কমেডি সিরিজের পুরস্কারও রয়েছে। অনুষ্ঠানটি আগের সপ্তাহে অনুষ্ঠিত ক্রিয়েটিভ আর্টস এমি থেকে এরই মধ্যে নয়টি পুরস্কার জিতেছিল। এরপর দ্রুত আরো একটি পুরস্কার জেতে। সেথ রোজেন সেরা কমেডি অভিনেতার পুরস্কার জিতে নেন। রোজেন ও তার দীর্ঘদিনের সঙ্গী ইভান গোল্ডবার্গ পরবর্তী সময়ে আবার মঞ্চে ওঠেন কমেডি সিরিজে পরিচালনার জন্য পুরস্কার গ্রহণ করতে। এ পুরস্কার দ্য স্টুডিওকে ইতিহাসে সর্বাধিক এমি পুরস্কারপ্রাপ্ত নবাগত কমেডি সিরিজ হিসেবে প্রতিষ্ঠা করে।

রোজেন ও গোল্ডবার্গ এরপর পিটার হাইক, অ্যালেক্স গ্রেগরি ও ফ্রিদা পেরেজের সঙ্গে মিলে কমেডির জন্য সেরা গল্প, চিত্রনাট্য তথা লেখার পুরস্কারও জেতেন। ফলে দ্য স্টুডিও এক বছরে সর্বাধিক এমি জয়ী কমেডি সিরিজ হিসেবে ইতিহাসে স্থান করে নেয়। মোইরা ডেমোস (২০১৬), অ্যামি শারম্যান-প্যালাডিনো (২০১৮) ও ড্যান লেভি (২০২০)-এর সঙ্গে রোজেনও এক রাতে সর্বাধিক এমি জেতার রেকর্ডে যুক্ত হন।
লিমিটেড সিরিজ বিভাগে বড় বিজয়ী ছিল ‘অ্যাডোলেসেন্স’। সিরিজটি মোট আটটি পুরস্কার জিতেছে। এর মধ্যে সেরা লিমিটেড সিরিজের পাশাপাশি প্রধান অভিনেতা হিসেবে স্টিফেন গ্রাহাম, সহ-অভিনেতা হিসেবে ওয়েন কুপার ও সহ-অভিনেত্রী হিসেবে এরিন ডোহার্টি পুরস্কার পান। জ্যাক থর্ন ও গ্রাহাম মিলে লিমিটেড সিরিজের জন্য সেরা লেখার পুরস্কারও জেতেন।
ক্রিয়েটিভ আর্টস এমি থেকে আগেই আটটি পুরস্কার জিতেছিল দ্য পেঙ্গুইন। এবার লিমিটেড সিরিজ বিভাগে প্রধান অভিনেত্রীর পুরস্কার জিতেছে। এটি পেয়েছেন তারকা ক্রিস্টিন মিলিয়োটি।
নবাগত সিরিজ ‘দ্য পিট’ সেরা ড্রামা সিরিজের পুরস্কার জিতেছে। নোয়া ওয়াইলি সেরা ড্রামা অভিনেতার পুরস্কার পান। এর আগেই তার সহ-অভিনেত্রী ক্যাথারিন লা নাসা ড্রামা সিরিজে সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন। মোট পাঁচটি এমি জেতে সিরিজটি।
‘দ্য লেট শো উইথ স্টিফেন কলবার্ট’ প্রথমবারের মতো সেরা টক সিরিজের পুরস্কার জিতেছে। এমন এক সময়ে এটি পুরস্কার জিতল, যখন ঘোষণা হয়েছে অনুষ্ঠানটি ২০২৬ সালে শেষ হবে। কলবার্ট ও তার দল মঞ্চে ওঠার সময় দর্শক ‘স্টিফেন!’ ধ্বনিতে মেতে ওঠেন।
এদিকে লিমিটেড/অ্যান্থোলজি সিরিজের জন্য পার্শ্ব অভিনেতার পুরস্কার পেলেন ওয়েন কুপার। ১৫ বছর বয়সী কুপার এখন কনিষ্ঠতম এমি বিজেতা। তিনি হাভিয়ের বারদেমের মতো তারকাকে পেছনে ফেলে পুরস্কারটি পেয়েছেন।
এ বছরের এমি অ্যাওয়ার্ড উপস্থাপনা করেন নেট বারগাটজে। তিনি বিজয়ীদের তাদের ভাষণের সময়সীমার মধ্যে রাখার জন্য একটি কৌতুকপূর্ণ কৌশল নেন, যেখানে তিনি বলেছিলেন, তারা যদি সময়সীমা অতিক্রম করেন, তবে প্রতি সেকেন্ডে বয়েজ অ্যান্ড গার্লস ক্লাবের জন্য ১ লাখ ডলার ডোনেশন থেকে টাকা কেটে নেয়া হবে।
এবার কমেডি সিরিজে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতলেন হ্যানা এইনবিন্ডার। পুরস্কার গ্রহণের পর তার বক্তব্য সবাইকে মুগ্ধ করেছে। শুরুটা গড়পড়তা হলেও তিনি শেষের দিকে সবাইকে চমকে দেন। পাখিদের উড়ে যেতে বলেন এবং ফিলিস্তিনকে মুক্ত করার আহ্বান জানান।
সূত্র: ভ্যারাইটি










