‘আর নয় হিরোশিমা, আর নয় নাগাসাকি, আর নয় যুদ্ধ’—এ স্লোগান নিয়ে নাট্যসংগঠন স্বপ্নদলের আয়োজনে আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ‘ত্রিংশ শতাব্দী’এর বিশেষ মঞ্চায়ন হতে যাচ্ছে। এর সঙ্গে অন্যান্য আনুষ্ঠানিকতায় ‘হিরোশিমা দিবস ২০২৩’ পালন করা হবে। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে হিরোশিমা-নাগাসাকির বিয়োগান্তক ঘটনানির্ভর স্বপ্নদলের দেশ-বিদেশে দর্শকনন্দিত যুদ্ধবিরোধী গবেষণাগার প্রযোজনা ত্রিংশ শতাব্দীর রূপান্তরসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

শান্তির সপক্ষে উদ্বুদ্ধকরণ ও যুদ্ধবিরোধী প্রচারণাসহ ২২ বছর ধরে নিয়মিতভাবে নানা আনুষ্ঠানিকতায় পৃথিবীর একমাত্র নাট্যদল হিসেবে ‘হিরোশিমা দিবস’ পালন করে আসছে স্বপ্নদল। হিরোশিমা-নাগাসাকির বিষাদময় ঘটনার ৭৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘হিরোশিমা দিবস ২০২৩’-এর অনুষ্ঠানমালায় অন্তর্ভুক্ত রয়েছে বিকাল ৫টা থেকে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের লবিতে হিরোশিমা-নাগাসাকিভিত্তিক যুদ্ধবিরোধী পোস্টার-আলোকচিত্র-ভিডিও-ইন্সটলেশন আর্ট প্রদর্শনী। সন্ধ্যা ৭টায় মিলনায়তনে থাকছে যুদ্ধযন্ত্রণার প্রতীক জাপানি শিশু সাদাকো সাসাকি স্মরণে কাগজের সারস বিতরণ, যুদ্ধবিরোধী সংক্ষিপ্ত বক্তব্য ও ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনার ১২০তম মঞ্চায়ন। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, এমপি। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইউয়ামা কিমিনোরি ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান নাট্যজন লাকী ইনাম। স্বাগত বক্তব্য দেবেন স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপন। নাটকটি নিয়ে জাহিদ রিপন জানান, যুদ্ধোন্মাদনার বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ। ‘‌ত্রিংশ শতাব্দী’এর মূল কাহিনী পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের অপ্রত্যাশিত পরিণতি। এর সমান্তরালে গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া-ফিলিস্তিন, আফগানিস্তান, পাকিস্তান-ভারত, কুয়েত-তিউনিসিয়া-ইয়েমেন-সিরিয়া-তুরস্ক-মিয়ানমার-গুলশানে বর্বর হামলা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অমানবিকতার আরো নানা প্রসঙ্গ। সভ্যতা ধ্বংসকারী মানবসৃষ্ট যুদ্ধ-গণহত্যা-অনাচারের বিপরীতে মানুষ হিসেবে বর্তমান কর্তব্য অনুধাবন এবং এক্ষেত্রে দর্শককে সিদ্ধান্ত গ্রহণের মুখোমুখি স্থাপনই ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনার প্রত্যাশা।