বাংলা নতুন বছরকে বরণ করে নিতে চ্যানেল আই প্রতি বছরই আয়োজন রাখে। এবারো ব্যতিক্রম হচ্ছে না। গত বছরগুলোর মতোই এবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যানেল আই-সুরের ধারা হাজার কণ্ঠে বর্ষবরণ। বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করতে ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে ধানমন্ডির রবীন্দ্র সরোবর সুরের মূর্ছনায় আচ্ছন্ন থাকবে।
নতুন বছর বাঙালি ও বাংলাদেশীদের জন্য বিশেষ। এবারের বর্ষবরণ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীদের পাশাপাশি ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরাও অংশ নেবেন। থাকবে ১৩ এপ্রিল সন্ধ্যা থেকে চৈত্রসংক্রান্তির অনুষ্ঠান। লোকজ মেলা। মেলায় থাকবে দেশীয় সংস্কৃতির মেলবন্ধন। নাগরদোলা, লাঠি খেলাসহ দেশীয় নানা তৈজসপত্রের পসরা নিয়ে বসবেন দোকানিরা। অনুষ্ঠান সফল করতে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা সুরের ধারা এবং চ্যানেল আইয়ের প্রতিনিধিরা এ সময়ে উপস্থিত ছিলেন। মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন অনুষ্ঠান সফল করতে সংস্কৃতি মন্ত্রণালয়ের সব রকম সহযোগিতা থাকবে।










