শাড়ি পরে অনেকবারই পর্দায় হাজির হয়েছেন
সুস্মিতা সেন। তবে নতুন অবতারের সঙ্গে পার্থক্য হলো; এবার তিনি নারী নন করছেন বৃহন্নলা
চরিত্র। ওয়েব সিরিজের নাম ‘তালি’, প্রকাশ হয়েছে টিজার।
গত শুক্রবার (২৮ জুলাই) প্রকাশিত ভিডিওতে
এভাবে দেখা হয় পরিচয়- শ্রী গৌরি সাওয়ান্ত, যাকে কেউ হিজড়া বলেন, কেউ আবার বলেন সমাজকর্মী,
কারোর কথায় তিনি নাটকবাজ, কেউ বলেন গেম চেঞ্জার।
শাড়ি-ব্লাউজ, গলায় রুদ্রাক্ষের বড়
মালা, খোঁপা বাধা চুলে ফুল ও কপালে বড় টিপ। আর আছে কঠিন চাহনি। একপর্যায়ে বলেন, ‘এই
কাহিনি গালি থেকে তালি পর্যন্ত।’
সত্য ঘটনা অবলম্বনে ওয়েব সিরিজটি বানিয়েছেন
জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রবি যাদব।
গৌরী সাওয়ান্তের পারিবারিক নাম গণেশ,
জন্ম পুণেতে। অল্প বয়সে মা হারানোর পর বড় করেন দাদী। তার ওপর বাবার কোনো আস্থা ছিল
না। তাই কৈশোরেই বাড়ি ছেড়ে চলে যান মুম্বাই। সেখানে নানান রকম সমাজসেবামূলক কাজ শুরু
করেন।
২০০০ সালে ‘সখী চর চৌঘী ট্রাস্ট’ নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন গৌরি। এ সংস্থা বৃহন্নলাদের কাউন্সেলিং ও নিরাপদ যৌন জীবন নিয়ে প্রচার চালায়। রূপান্তরকামী, তৃতীয় লিঙ্গের মানুষরাও যাতে সন্তান দত্তক নেয়ার অধিকার পান- এ নিয়ে সুপ্রিম কোর্টে গৌরিই প্রথম পিটিশন দাখিল করেন। তিনি নিজেও এক কন্যা সন্তান দত্তক নেন। আবার তিনিই ছিলেন ‘এক যুগান্তকারী মামলা’র আবেদনকারী, যেখানে সুপ্রিম কোর্ট রূপান্তরকামীদের তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দেয়।
বোঝাই যাচ্ছে, চরিত্রটি সাবেক বিশ্বসুন্দরীর
জন্য ভীষণ চ্যালেঞ্জের। এই ওয়েব সিরিজে অভিনয়ের জন্য নিজেকে একেবারে বদলে ফেলেন সুস্মিতা
সেন। চালচলন, বাচনভঙ্গিতে এনেছেন আমূল পরিবর্তন।
জিও সিনেমায় ‘তালি’ মুক্তি পাবে ১৫
আগস্ট। এর আগে ‘আরিয়া’ নামের সিরিজে জনপ্রিয়তা পান সুস্মিতা। সামনে আসবে সিরিজের তৃতীয়
কিস্তি।










