আজ দুরন্ত টেলিভিশনে শিশুদের জনপ্রিয় অনুষ্ঠান ‘রঙ-বেরঙের গল্প’-এর ১০০তম পর্ব প্রচারিত হবে। গল্প ভালোবাসে না এমন শিশু বিশ্বে পাওয়া যাবে না। আর সেই গল্পগুলো যদি রঙ-বেরঙের ছবির মধ্য দিয়ে চরিত্রায়ণ করা হয়, তাহলে যে তা তাদের জন্য আরো আকর্ষণীয় হয়ে ওঠে। শিশুদের এমন চাহিদার কথা ভেবেই দুরন্ত টিভির আয়োজন রঙ-বেরঙের গল্প। অনুষ্ঠানটি আজ ১০০তম পর্বে পদার্পণ করতে চলেছে।

শিশুদের জন্য করা ছবি দিয়ে তৈরি বিভিন্ন গল্পের বই থেকে নির্মিত হয়েছে অনুষ্ঠান রঙ-বেরঙের গল্প। বইয়ের পাতার বিভিন্ন ছবির সঙ্গে মিল রেখে বর্ণনা আর বাচিক অভিনয়ের মাধ্যমে গল্পের মতো করে উপস্থাপন করা হয়েছে গল্পগুলো। ছবি ও গল্পের মিশেলে অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মেহেদী হাসান স্বাধীন।

১০০তম পর্বে অনুষ্ঠানটিতে দেখানো হবে তিনটি মজার গল্প ‘ম্যাজিক চকলেট’, ‘গাঁধার গল্প’ ও ‘মিনি ও তার বন্ধু’। ‘লাইট অব হোপ’-এর বই থেকে নেয়া শিশুদের আঁকা ছবি থেকে তৈরি করা হয়েছে অনুষ্ঠানের পর্বটি। পর্বটি প্রচারিত হবে বেলা ১১:৩০ মিনিটে ও সন্ধ্যা ৬টায়।