শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ দুরন্ত টেলিভিশনে প্রচারিত হবে শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘আমরা তোমাদের ভুলবো না’।

একদল শিশু ঘুরে বেড়াল রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। তাদের সঙ্গে আছেন শহীদ বুদ্ধিজীবী শিল্পী আলতাফ মাহমুদের সন্তান শাওন মাহমুদ ও শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক সিরাজউদ্দীন হোসেনের সন্তান জাহীদ রেজা নূর। তাদের সঙ্গে কথা বলে আজকের প্রজন্মের শিশুরা জেনেছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে কেন ও কীভাবে এ দেশের মেধাবী সন্তানদের হত্যা করা হয়েছে।

বুদ্ধিজীবী স্মৃতিসৌধ দেখা আর গল্প শোনার সেই আয়োজন নিয়েই শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দুরন্ত টিভিতে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘আমরা তোমাদের ভুলবো না’। ফাহিমা আহমেদ চৈতী পরিচালিত অনুষ্ঠানটি দুরন্ত টেলিভিশনে আজ প্রচারিত হবে বিকাল ৫টায়।

অন্যদিকে মহান বিজয় দিবস উপলক্ষে দুরন্ত টেলিভিশনে আজ ও ১৬ ডিসেম্বর প্রচারিত হবে টেলিছবি ‘মেঘনার-৭১’। নদীর নামে মেয়ের নাম রেখেছিলেন মেঘনার মা-বাবা। সব বিষয়ে মেঘনার কৌতূহল। তাই মেঘনা মা-বাবার কাছে কোনো কিছু জানতে চাইলেই উত্তর পায়। দেশ-বিদেশের বিভিন্ন বইও পড়ে সে। এভাবেই মেঘনার বড় হওয়া। এর মধ্যে শুরু হয় একাত্তরের মুক্তিযুদ্ধ। যুদ্ধের সময় মেঘনার অভিজ্ঞতা নিয়েই মেঘনার বয়ানে দুরন্ত টেলিভিশনের টেলিছবি ‘মেঘনার-৭১’। একাত্তরের দিনগুলো মেঘনার বোধে কীভাবে দাগ কাটল সেটাই শিশুতোষ করে তুলে ধরা হয়েছে এ ছবিতে।

শামীম আখতারের রচনা ও পরিচালনায় ধারবাহিক ‘মেঘনার-৭১’ প্রচারিত হবে দুরন্ত টিভিতে ১৪ ডিসেম্বর ও ১৬ ডিসেম্বর বেলা ৩টায়। এ টেলিছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বন্যা মির্জা, শামস উদ দোহা, সাদিয়া ইউসুফ বৃতা, কিয়ানা, শাহীদ বাহাদুর, এনামুল হাসান আকাশ ও মৌমিতা মেহজাবিন অর্পা।

বিজয় দিবস উপলক্ষে দুরন্ত দেখাবে মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে মুক্তিযুদ্ধের শিশুতোষ চলচ্চিত্র ‘আমার বন্ধু রাশেদ’। আজ ও ১৬ ডিসেম্বর রাত ১০টায় প্রচারিত হবে চলচ্চিত্র ‘আমার বন্ধু রাশেদ’। এক কিশোরের চোখে দেখা ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে তৈরি চলচ্চিত্র ‘আমার বন্ধু রাশেদ’। মুহম্মদ জাফর ইকবালের গল্প অবলম্বনে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও মনন চলচ্চিত্রের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। চলচ্চিত্রটির চিত্রনাট্য করেছেন মোরশেদুল ইসলাম ও বরকত উল্লাহ মারুফ এবং পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম।